চতুর্থ দফার লকডাউন শেষে ‘মন কি বাত’ অনুষ্ঠান প্রধানমন্ত্রীর! সম্প্রচারিত হবে আজ সকাল ১১টায়!

আজ, অর্থাৎ রবিবার শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউন মেয়াদ। কাল থেকে বলবৎ হবে আনলক-১। তার আগে আজ সকাল ১১টায় সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান।

২ মাসের টানা লকডাউনের সময়সীমা শেষ হওয়ার পর ১ জুন থেকে বিভিন্ন ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়েছে, সেই বিষয়টির ওপরই ভিত্তি করেই প্রধানমন্ত্রী আজকের বক্তব্যে সম্ভবত গুরুত্ব দেবেন।

গতকাল‌ই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। কনটেনমেন্ট জোনের বাইরে ১ জুন থেকে ধাপে ধাপে কী কী ক্ষেত্র খোলা হবে, সেখানে বলা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার‌ই দ্বিতীয় দফায় বিজেপি সরকারের কেন্দ্রে ক্ষমতার এক বছর পূর্ণ করেছে। সেই কারণে দেশবাসীর উদ্দেশ্যে চিঠিও লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ ঠিক তার পরের দিনই প্রধানমন্ত্রীর মন কি বাত সম্প্রচারিত হতে চলেছে।

এদিনের সম্প্রচার ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৬৪তম হতে চলেছে করোনা সংক্রমণের কারণে তৈরী হ‌ওয়া দেশের পরিস্থিতির ওপরই। এই লকডাউনের সময়ে গরিব, পরিযায়ী ও দুর্গতদের সাহায্য করার আহ্বান জানাবেন তিনি।

প্রধানমন্ত্রী এর আগে জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াই হল মানব-চালিত। কারণ জনতা ও প্রশাসন এই লড়াই একসঙ্গে চালাচ্ছে। গত ২৪ মার্চ দেশব্যাপী লকডাউনের ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। যা পরবর্তীকালে পর্যায়েক্রমে বাড়ানো হয় ৩১ মে পর্যন্ত।

শনিবার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে একদিনে সর্বাধিক করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে শনিবার। ওইদিন প্রায় ৮ হাজার মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৭৬৩।

এর মধ্যে চিকিৎসাধীন ৮৬ হাজার ৪২২ জন। সুস্থ হয়েছেন ৮২ হাজার ৩৭০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৬৫ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ৪,৯৭১।

RELATED Articles

Leave a Comment