আজ বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন খবর প্রকাশ্যে আসতেই দেশের সাধারণ মানুষ ও মিডিয়ায় জল্পনা তুঙ্গে। কেন আজ ঠিক এই সময়ে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, তা নিয়ে বিভিন্ন অনুমান ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে কি কোনও নতুন সরকারি সিদ্ধান্ত ঘোষণা করবেন, নাকি বিশেষ কোনো ইস্যুতে মন্তব্য করবেন, তা এখনও স্পষ্ট নয়।
কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, আজকের এই ঘোষণার দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামীকাল, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে জিএসটির নতুন কর স্ল্যাব। এ ছাড়া, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা নীতি নিয়ে নতুন নিয়মের প্রভাবও ভারতীয় নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে দেশের মানুষের মনোযোগ আজকের ভাষণের দিকেই রয়েছে।
প্রধানমন্ত্রী মোদী ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর একাধিকবার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, ২০১৬ সালের ৮ নভেম্বর তিনি নোটবন্দির ঘোষণা করেছিলেন। ২০১৯ সালে বালাকোট এয়ারস্ট্রাইক সম্পর্কে জাতির কাছে তথ্য তুলে ধরেছিলেন। এছাড়াও ২০২০ সালে করোনার প্রথম লকডাউনের ঘোষণা ও পরবর্তীতে লকডাউন শিথিলের ঘোষণা তিনি জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন।
২০২৫ সালের ১২ মে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিয়ে অপারেশন সিঁদুরের বিশদ তথ্য প্রকাশ করেছিলেন। পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। এই ধরণের উদাহরণ দেখিয়ে দেয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সাধারণত দেশের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের ক্ষেত্রে আসে।
আরও পড়ুনঃ Indian railway: ট্রেনযাত্রীদের ক্ষেত্রে ভারতীয় রেল কর্তৃপক্ষের দারুন সুখবর! দাম কমলো পানীয় জলের!
আজও দেশের মানুষের মনে অনেক প্রশ্ন, কি কি নতুন ঘোষণা আসতে পারে? কর, ভিসা, বিদেশি নীতি বা অন্য কোনও গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কি আজ আলোচনা হবে? বিকেল ৫টার পরই সমস্ত তথ্য জানা যাবে। তখনই পরিষ্কার হবে, দেশের মানুষকে আজকের ভাষণে উপর ভিত্তি করে ভবিষ্যতে কোন কোন সিদ্ধান্তের জন্য প্রস্তুতি নিতে হবে।





