আজ থেকে শুরু হচ্ছে আনলক পর্ব ১। আর আজই সকাল ১১.৩০ নাগাদ মন্ত্রীসভার সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সভাপতিত্বে এই বৈঠককে অতি গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে।
কালই দেশবাসীর সামনে ‘মন কি বাত’ এ দেশ সম্বন্ধীয় তার চিন্তা ও পদক্ষেপের কথা তিনি জানান। আর আজ এই বৈঠকের আয়োজন। মোদীর সরকার ২.০ এর একবছর পূর্তির পর এই প্রথম কোনও ক্যাবিনেট মিটিং-এ বসছেন প্রধানমন্ত্রী। সূত্র থেকে জানা যাচ্ছে নিরাপত্তা সম্পর্কিত মন্ত্রী পারিষদ ও অর্থনীতি বিষয়ক কমিটিও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন।
এছাড়া লাদাখ সীমান্তে চীন ও ভারতের মধ্যে যে অস্থিরতার আবহ তৈরি হয়েছে তা নিয়েও দেশের নিরাপত্তা আধিকারিকদের সাথে আলোচনা হতে পারে। এছাড়া দীর্ঘ লকডাউনের জেরে থমকে যাওয়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েও আজ আলোচনা হতে পারে।
অন্যদিকে সোমবার থেকে ধাপে ধাপে লক থেকে আনলক এর দিকে এগোচ্ছে ভারত তাতে অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে সেটা আগেই জানা গেছিল স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা থেকে। এই আনলক পর্বের আগে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে পরামর্শও করেছিলেন অমিত শাহ। এর পরেই এই নতুন নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক।
এর আগে যেসব এলাকায় লকডাউনের বিধি নিষেধ জারি ছিল, এবার কনটেনমেন্ট জোন ছাড়া বাকি জায়গায় সবই চালু করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের জারি করা নিয়মের ভিত্তিতে এবার সব কিছুই চালু হবে বলে জানানো হয়েছে।
তবে আনলক ১ চালু হলেও হোটেল, রেস্তোরাঁ বা শপিং মল আরো ৭ দিন বন্ধ থাকবে। ৮ তারিখ থেকে কন্টেনমেন্ট জোনের বাইরের ধর্মীয়স্থান, হোটেল এবং রেস্টুরেন্ট খোলার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তবে কন্টেনমেন্ট জোনে লকডাউন জারি থাকবে ৩০ জুন অবধি। কনটেনমেন্ট জোনে জরুরি কাজকর্ম ছাড়া সবকিছুই স্থগিত রয়েছে। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস ডেলিভারি এবং মেডিক্যাল এমার্জেন্সির ক্ষেত্রে এই জোনগুলিতে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।





