রাজধানী দিল্লির চারিদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বিরোধী পোস্টারে (Poster) ছয়লাপ। এই ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই দিল্লি পুলিশ (Delhi Police) ১০০ জনকে গ্রেফতার করেছে। ২ হাজারেরও বেশি এমন মোদী বিরোধী পোস্টার উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
দিল্লি পুলিশ সূত্রে খবর, দিল্লি একাধিক এলাকার ল্যাম্প পোস্ট, দেওয়ালে নানান পোস্টার লাগানো হয়েছিল। এর মধ্যে মোদী সরকারের বিরোধিতা করে বেশ কিছু পোস্টার ছিল। এর মধ্যে কোনওটি তে লেখা, ‘মোদী হটাও, দেশ বাঁচাও’, আবার কোনওটিতে কেন্দ্র সরকার বিরোধী নানান স্লোগান লেখা। এই ঘটনায় ১০০ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর।
এই ঘটনায় স্পেশ্যাল সিপি দীপেন্দ্র পাঠক জানান, আম আদমি পার্টির দফতরে যাওয়ার পথে আটকানো হয় একটি ভ্যানকে। সেখান থেকেই প্রায় ২ হাজার পোস্টার উদ্ধার করা হয়। ওই ভ্যান চালকের দাবী, ওই পোস্টারগুলি আপ অফিসে পৌঁছে দিতে বলা হয়েছিল তাঁকে। এর থেকেই পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে এই পোস্টার দেওয়ার নেপথ্যে কেজরিওয়াল সরকারের মদত থাকতে পারে। তবে আম আদমি পার্টির তরফে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
এখনও পর্যন্ত এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। প্রিন্টিং প্রেসের মালিককেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই প্রিন্টিং প্রেসের মালিক জানিয়েছেন যে তাঁর কাছে ‘মোদী হটাও, দেশ বাঁচাও’ লেখা পোস্টারের অর্ডার দেওয়া হয়েছিল। প্রায় ৫০ হাজার পোস্টারের অর্ডার দেওয়া হয় বলে খবর।
বলে রাখা ভালো, এর আগে ২০২১ সালে দেশজুড়ে করোনা টিকাকরণ চলাকালীনও মোদী বিরোধী বেশ কিছু পোস্টার দেখা গিয়েছিল দিল্লিতে। সেই সময় ১৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। ১৫ জনকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।





