মোদীর জমানায় দারিদ্র দূরীকরণে অভূতপূর্ব সাফল্য মিলেছে, কমেছে দারিদ্রের হার, বেড়েছে গৃহস্থালির খরচ, মোদীর প্রশংসায় নীতি আয়োগ

মোদীর জমানাতে দেশে উন্নতি ও বিকাশের এক নতুন দিগন্ত খুলেছে। এই নিয়ে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়ম। জানা গিয়েছে, ভারতে দারিদ্রের হার পাঁচ শতাংশের নীচে নেমে গিয়েছে। আবার সম্প্রতি হওয়া হাউসহোল্ড কনসাম্পশন এক্সপেনডিচার সার্ভের রিপোর্টের বিষয়েও কথা বললেন নীতি আয়োগের সিইও।

জানা গিয়েছে, ২০২২ সালের আগস্ট মাস থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত এই গোটা এক বছর ধরে চালানো হয়েছে হাউসহোল্ড কনসাম্পশন এক্সপেনডিচার সার্ভে। এই সমীক্ষার মাধ্যমে বর্তমানে দেশে গৃহস্থালির খরচের উপর একটি চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে।

এর মাধ্যমেই বোঝা গিয়েছে, দেশের বর্তমান দারিদ্রের হার ঠিক কোন পর্যায়ে রয়েছে। নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়ম জানালেন, দেশে দারিদ্র দূরীকরণ কতটা সফল, তা নির্ধারণ করার উপায় হল গৃহস্থালির খরচের হিসাব। এই খরচ বাড়লেই বোঝা যাবে দেশ থেকে দারিদ্র আদৌ দূর হচ্ছে কী না!

এই হাউসহোল্ড কনসাম্পশন এক্সপেনডিচার সার্ভে রিপোর্ট অনুযায়ী, গ্রাম ও শহর উভয় জায়গাতেই উল্লেখযোগ্যভাবে বেড়েছে গৃহস্থালির খরচ। উভয় ক্ষেত্রেই গৃহস্থালির খরচ প্রায় আড়াই গুণ বেড়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, এর আগে ২০১১-১২ সালে মাথাপিছু গৃহস্থালির মাসিক গড় খরচ যা ছিল, তা গত এক দশকে বেশ অনেকটা বেড়েছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, শহরে মাসিক মাথাপিছু গৃহস্থালির গড় খরচ সাড়ে ৩৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৫১০ টাকায় দাঁড়িয়েছে। গ্রামীণ এলাকায় মাথাপিছু গড় মাসিক খরচও দারুণভাবেই বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। ৪০ শতাংশেরও বেশি খরচ বৃদ্ধি পেয়ে মাথাপিছু গড় মাসিক খরচ দাঁড়িয়েছে ২ হাজার টাকার কিছু বেশি। সূত্রের খবর, এই সব তথ্য তুলে ধরে নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রমণিয়ম জানিয়েছেন, বর্তমানে দেশে দারিদ্রের হার ৫ শতাংশ বা তার কম হতে পারে।

RELATED Articles