করোনা ভাইরাস এর ধাক্কায় ভারতের বর্তমান অবস্থা যে খুব ভাল এমনটা বলা চলে না। বরঞ্চ যথেষ্ট উদ্বেগজনক অবস্থাতেই রয়েছে দেশ। তবে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আরও খারাপ পরিস্থিতি আসতেই পারে। এবং সেই অবস্থার জন্য সম্পূর্ণ ভাবে তৈরি আছে ভারত। শনিবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন গোয়েল।
স্বাস্থ্য আধিকারিক এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যের সিনিয়র আধিকারিকদের সঙ্গে শনিবার ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানেই তিনি এই কথা বলেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ‘আমাদের দেশে এখনও অনেক উন্নত দেশের মতো করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। তবে সেরকম কিছু হলে তার জন্য আমরা প্রস্তুত আছি।’
হর্ষ বর্ধন আরও বলেন, ‘করোনায় এই দেশের মৃত্যু হার ৩.৩ শতাংশের আশপাশে রয়েছে। সুস্থ হয়ে ওঠার হার বেড়ে ২৯.৯ শতাংশ হয়েছে। এটা খুবই ভালো লক্ষণ। আগে যেখানে ডাবলিং রেট ছিল তিন দিন, সেখানে এখন ডাবলিং রেট বেড়ে ১১ দিন হয়েছে। গত সাত দিনে অবশ্য ডাবলিং রেট কমে ৯.৯ হয়েছে।’





