নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্তদের! ৩ রাজ্যে ভোট মিটতেই হু হু করে বাড়ল গ্যাসের দাম, আপনার শহরে কত দাম দাঁড়াল সিলিন্ডারের?

৩ রাজ্যে ভোট শেষ। আর ঠিক এরপরই মধ্যবিত্তদের জন্য ধেয়ে এল বড় এক চিন্তা। ফের বাড়ল গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম। মঙ্গলবার মধ্যরাত থেকেই গৃহস্থালির গ্যাস অর্থাৎ ১৪.২ কেজি গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা। এর ফলে এবার থেকে কলকাতায় একটা গ্যাস সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১,১২৯ টাকা। শুধু গৃহস্থালিরই নয়, এর পাশাপাশি বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামও। ৩৫০ টাকা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।

গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম শেষ বেড়েছিল গত বছরের জুলাই মাসে। নতুন বছর শুরু হতেই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লেও গৃহস্থালির গ্যাস সিলিন্ডারে সেই আঁচ পড়ে নি। কিন্তু এবার উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোট মিটতেই একলাফে ৫০ টাকা বেড়ে গেল গৃহস্থালির গ্যাসের দামও। মোদী সরকারের এই সিদ্ধান্তের জেরে মধ্যবিত্তদের নাভিশ্বাস ওঠার জোগাড় এবার।

https://twitter.com/ANI/status/1630740174836744196?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1630740174836744196%7Ctwgr%5Eeef3ad4c8f847269fce8b9b1d44602228cb049a7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Fcooking-gas-cylinder-price-hiked-by-rs-50%2F

জানা গিয়েছে, আজ, বুধবার পয়লা মার্চ থেকে কলকাতায় হোটেল-রেস্তরাঁয় ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল ৩৫২ টাকা। এর জেরে এবার থেকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে হবে ২২২১.৫০ টাকা দিয়ে। অন্যদিকে, রাজধানী দিল্লিতে একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের জন্য খরচ করতে হবে ২১১৯.৫০ টাকা।

এমনিতেই খাবার থেকে শুরু করে ওষুধ, পেট্রল-ডিজেল দৈনন্দিন জীবনের নানান সামগ্রীর মূল্যবৃদ্ধিতে আমজনতার ভোগান্তির শেষ নেই। আর এবার ফের গৃহস্থালি ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় কপালে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের। কেন্দ্রের দাবী, আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্যবৃদ্ধির কারণেই এই দাম বাড়ল।

গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, “একাধিক রাজ্যে সামনেও ভোট রয়েছে। তাই এই দাম বাড়ার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। আন্তর্জাতিক বাজারের সার্বিক মূল্যবৃদ্ধির জেরেই বেড়েছে গ্যাসের দাম”। তিনি খোঁচা দিয়ে এও বলেন যে বাংলার মানুষের হাতে টাকা নেই তাই তাদের সমস্যায় পড়তে হচ্ছে।  

RELATED Articles