পুজোর আগে হাসি উধাও মধ্যবিত্তদের! এক ধাক্কায় অনেকটা বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম, নাভিশ্বাস আমজনতার

আর এক সপ্তাহ বাদেই দুর্গাপুজো। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পুজো মানেই বাঙালির রান্নাঘরে এক বড় উৎসব। সারাদিন নানান রকমারি খানাপিনা লেগেই থাকে। কিন্তু এরই মধ্যে হেঁশেলের জন্য এল খারাপ খবর। ঠিক পুজোর মুখেই দাম বেড়ে গেল এলপিজি গ্যাস সিলিন্ডারের।

লোকসভা নির্বাচনের আগে আমজনতাকে স্বস্তি দিয়ে গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমানো হয়েছিল। কিন্তু নির্বাচন মিটতেই বাড়তে শুরু করেছে গ্যাস সিলিন্ডারের দাম। আর এর ফলে নাভিশ্বাস উঠছে আমজনতার। মূল্যবৃদ্ধির বাজারে যেখানে শাকসবজির আকাশছোঁয়া দাম, সেখানে এবার ফের দাম বাড়ল গ্যাসেরও।

তবে দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের। জানা গিয়েছে, প্রায় ৫০ টাকা দাম বাড়ানো হয়েছে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের। সেপ্টেম্বরে বাণিজ্যিক গ্যাস কিনতে খরচ হত ১৮০২.৫০ টাকা। কিন্তু সেই দাম বেড়ে এবার অক্টোবরে দাঁড়াল ১৮৫০.৫০ টাকায় অর্থাৎ সিলিন্ডার পিছু ৪৮ টাকা বেড়েছে দাম। ৪৭.৫ কেজি গ্যাস সিলিন্ডারেও বেড়েছে সিলিন্ডার পিছু ১২০ টাকা দাম। এসবের মধ্যে একটাই স্বস্তির খবর যে গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

বলে রাখি, এই ১৯ কেজি গ্যাস সিলিন্ডার মূলত ব্যবহার হয় হোটেল, রেস্তোরাঁ ও ক্যাটেরিংয়ের ব্যবসায়। ফলে এই সিলিন্ডারের দাম বাড়ায় পুজোর আগে বেশ চাপের মুখে হোটেল ব্যবসায়ীরা। পুজোর মরশুমে বাইরে খাওয়াদাওয়ার প্রবণতা দেখা যায় আমজনতার মধ্যে। তবে গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে বাড়তে পারে খাবারের দামও। ফলে এই সিলিন্ডারের দামবৃদ্ধির ফলে পরোক্ষভাবে যে সাধারণ মানুষও প্রভাবিত হবে, তা তো স্পষ্টই!

RELATED Articles