কথা রাখেনি সরকার! ফের পূর্ণ কর্মবিরতিতে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা, কবে কাটবে জট?

এমনটা যে তারা করবেন, তা আগেই জানিয়েছিলেন তারা। চোখ ছিল সোমবারের সুপ্রিম কোর্টের শুনানির দিকে। যদি রাজ্যের তরফে কোনও সদর্থক ফল তারা দেখেন, তাহলে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তেমনটা হল না। ফলে আজ, মঙ্গলবার থেকে ফের পূর্ণ কর্মবিরতির ঘোষণা রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের।

গত শনিবারই জুনিয়র চিকিৎসকরা জানান, সোমবার বিকেলের মধ্যে রাজ্য যদি সমস্ত সরকারি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, তাহলে ফের পূর্ণ কর্মবিরতি করবেন তারা। আর হলও তাই। সোমবার গভীর রাত থেকে আট ঘণ্টা জিবি বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। এরপর তারা জানান, ফের পূর্ণ কর্মবিরতির পথেই হাঁটছেন তারা। মোট দশ দফা দাবী তুলেছেন তারা। সেই দাবী না পূরণ হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতির চলবে বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।   

জুনিয়র চিকিৎসকদের সেই দশ দফা দাবী হল-

  • নির্যাতিতার দ্রুত ন্যায়বিচার
  • ছাত্র সংসদ নির্বাচন
  • হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা
  • দ্রুত সমস্ত হাসপাতালে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি বসানো
  • স্বাস্থ্যসচিবের অপসারণ
  • সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা
  • হাসপাতালের খালি বেডের মনিটরিং ব্যবস্থা চালু করা
  • হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা
  • হাসপাতালগুলির শূন্যপদ পূরণ করা
  • প্যানিক বোতামের ব্যবস্থা করা

প্রসঙ্গত, সরকার কিছু দাবী মেনে নেওয়ার পর আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। জরুরি পরিষেবার কাজে ফিরেছিলেন। কিন্তু গত শুক্রবার সন্ধ্যেয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীমৃত্যুকে কেন্দ্র করে রোগীর পরিবারের লোকজন হামলা চালায় জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর।

এই ঘটনার পর ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন। শনিবার সাগর দত্ত হাসপাতালে যান স্বাস্থ্য দফতরের কর্তারা। সেখানে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের সঙ্গে বৈঠক হয় তাদের। এই বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন সোমবারের মধ্যে রাজ্য রাজ্যের প্রত্যেক সরকারি হাসপাতালেনিরাপত্তা সুনিশ্চিত না করতে পারলে তারা পূর্ণ কর্মবিরতি পালন করবেন।

আরও পড়ুনঃ ‘মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না টাঙালে পুজোর অনুদান নেবেন না…’, বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের 

গতকাল, সোমবার সুপ্রিম কোর্টে ছিল আর জি কর মামলার শুনানি। সেখানে আদালতের তরফেই জানানো হয়, এখনও পর্যন্ত রাজ্যের সমস্ত হাসপাতালে প্রয়োজনীয় নিরাপত্তা নেওয়া হয়নি। রাজ্যের তরফের আইনজীবী জানান, ৩০ অক্টোবরের মধ্যে সব কাজ হয়ে যাবে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এও জানান, জুনিয়র চিকিৎসকদের সমস্ত পরিষেবার কাজেই ফিরতে হবে। এদিনই গভীর রাতে জিবি বৈঠক করে জুনিয়র চিকিৎসকরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকলেন। পূর্ণ কর্মবিরতি শুরু করলেন তারা।  

RELATED Articles