দেশে করোনার বিপর্যয় বেড়েই চলেছে। এই সময় করোনার মোকাবিলায় ২১ দিনের লকডাউনের নির্দেশ জারি করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু দুঃখের বিষয় এরপরেও হু হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। আর তার সাথে সাথে বাড়ছে আতঙ্ক এবং ভয়। এবার সেই ভয় কাটাতেই উদ্যোগী হলেন স্বয়ং প্রধানমন্ত্রী।
শুক্রবার সকাল ৯টায় তিনি জাতির উদ্দেশ্যে নিজের কথা জনসম্মুখে তুলে ধরেন। তিনি মানুষের মনের কথা বুঝতে পেরেই বলেন, ‘এই বিপর্যয়ের সময় অনেক মানুষই মনে করছেন তাঁরা একা। আর এই একাকীত্বের মনোভাবই তাঁদের আরো দুর্বল করেছে। এইসময় আমাদের সবাইকে বোঝাতে হবে যে আমরা এক। আমাদের মধ্যে শুধুই সামাজিক দূরত্ব আছে কিন্তু আমরা মানসিকভাবে একে অপরের পাশেই আছি।’ তিনি সকল দেশবাসীকে জানান এই একতাকে বোঝাতে পারে একমাত্র জনতা জনার্দন। তাই তিনি সবাইকে অনুরোধ করেন আজ অর্থাৎ ৫ই এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটের জন্য সারা দেশের মানুষ নিজের বাড়ির সব আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ নাহলে মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে নিজেদের একতাকে যাতে সারা বিশ্বের সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী ডাকে সাড়া দিয়ে ৯ মিনিট ধরে আলো জ্বালিয়ে সবাই একসঙ্গে অন্ধকারের মোকাবিলা করলেন। প্রধানমন্ত্রী স্বয়ং তাঁর মায়ের সাথে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে এই প্রয়াসে সামিল হলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে তাঁর এই ছবি ফুটে উঠেছে। এর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-রা নিজেদের বাড়ির সামনে মাটির প্রদীপ জ্বালালেন। এইরকম ভাবেই সব নেতা মন্ত্রী থেকে সাধারণ মানুষ করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে সামিল হলেন।
https://twitter.com/ANI/status/1246829977984778241
এর আগেও সমস্ত জরুরি বিভাগের সঙ্গে যুক্ত মানুষকে সম্মান জানাতে তিনি ২২শে মার্চ জনতা কার্ফুর দিন অনুরোধ করেন সবাই যেন ঘন্টা ও থালা বাজিয়ে, করতালি দেন। প্রতিবারই মানুষ তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন এবং নিজেদের স্বতঃস্ফূর্ততা দেখিয়েছেন। এ যেন করোনার বিরুদ্ধে মানুষে লড়াইয়ের দৃঢ় পদক্ষেপ-বার্তা বহন করছে।
ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০০ ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৭ জন। এরই মাঝে ২২ শে মার্চের মতো আজও সারা বিশ্বের সামনে একতার প্রমান দিয়ে নজির গড়ল ভারতবর্ষ।





