‘পরকীয়ায় লিপ্ত মানেই কোনও মহিলা খারাপ মা নন’, দাবী হাইকোর্টের

কোনও মহিলা যদি বিবাহ বহির্ভূত কোনও সম্পর্কে জড়িয়েও পড়েন, তাহলেই যে তিনি খারাপ মা হিসেবে গণ্য হবেন, এমনটা একেবারেই নয়। বা শুধুমাত্র এই কারণে সেই মহিলার কাছ থেকে তাঁর সন্তানের দায়িত্ব কেড়ে নেওয়া হবে, এমনটাও করা যায় না। সম্প্রতি, একটি মামলায় এমনটাই দাবী করল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

সম্প্রতি, এক চার বছরের শিশুকন্যাকে নিজের কাছে, নিজের দায়িত্বে রাখতে চেয়ে আদালতের দ্বারস্থ হন আক মহিলা। ওই মহিলার স্বামী ‌অভিযোগ করেন যে, তাঁর স্ত্রী পরকীয়ায় লিপ্ত। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বিচারপতি অনুপিন্দর সিং গ্রেওয়াল জানান, পুরুষতান্ত্রিক এই সমাজে সব সময়ই মহিলাদের নৈতিক চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়।

বিচারপতির মতে, “যে কোনও পুরুষতান্ত্রিক সমাজেই যেভাবে মহিলাদের নৈতিক চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়, সেদিক বিচার করলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগগুলি ভিত্তিহীন হয়। এমনকী, আমরা যদি ধরেও নিই কোনও মহিলা পরকীয়ায় জড়িয়েছেন, তাহলেও তার মানে এটা দাঁড়ায় না যে, তিনি ভাল মা হতে পারবেন না। কিংবা তাঁর সন্তানকে নিজের কাছে রাখতে পারবেন না তিনি”।

আরও পড়ুন- কেন্দ্রের সিদ্ধান্তের ছায়া পড়ছে বাংলার পরীক্ষার উপর? অনির্দিষ্ট কারণে স্থগিত হল পরীক্ষা সূচি ও নির্ঘণ্ট ঘোষণা    

আদালতে দ্বারস্থ হয়ে ওই মহিলা জানান যে তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা ও রোজগেরে। এরই সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের থেকেও সাহায্য পান তিনি। তাঁর স্বামী একজন অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি ভারতে থাকেন। এদিন এই মামলার রায়ে একক মাতৃত্বের পক্ষেও সায় দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি অনুপিন্দর সিং গ্রেওয়ালের বলেন, “আদালত যে কোনও দম্পতির ক্ষেত্রেই পুনর্মিলনের পক্ষে সায় দেয়। কিন্তু তার মানে এই নয় যে, কোনও সন্তান বাবা কিংবা মা’র কাছে বড় হলে তার বেড়ে ওঠায় কোনও সমস্যা থেকে যায়”।

তাঁর আরও মত, “আধুনিক সময়ে দেখা যায়, একক অভিভাবকের কাছে বড় হওয়া সন্তানেরা অনেক সময়ই দায়িত্ববান প্রাপ্তবয়স্ক হিসেবে বেড়ে উঠে নানা ক্ষেত্রে দেশকে সমৃদ্ধ করতে পারেন”।

RELATED Articles