কবে খুলবে পুরীর জগন্নাথদেবের মন্দির? রথযাত্রা নিয়েই বা কী সিদ্ধান্ত? জানাল কর্তৃপক্ষ

করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশ বিপর্যস্ত হয়ে পড়ে। এর জেরে নানান রাজ্যে ফের শুরু লকডাউন। ওড়িশায় লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় প্রভু জগন্নাথদেবের মন্দির। তবে এখন আবার ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ায় শিথিল হচ্ছে লকডাউন। কবে থেকে ফের খুলবে পুরীর মন্দিরের দরজা, সেই প্রশ্নই এখন ভক্তমহলে।

ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকলেও ভিতরে নিত্যপুজো চলছে। সমস্ত কোভিড বিধি মেনেই প্রভুর সেবা করছেন সেবায়তরা। মন্দির কবে খুলবে, এই প্রশ্নের সঙ্গে উঠে এসেছে আরও একটি প্রশ্ন যে রথযাত্রার কী হবে?

জানা গিয়েছে, গত বছরের মতো এই বছরেও অতিমারির কথা মাথায় রেখে সমস্ত বিধিনিষেধ মেনেই পালন করা হবে রথযাত্রা। কোনও ভক্তের সমাগম থাকবে না। গত বছর সুপ্রিম কোর্ট রথযাত্রার জন্য যে গাইডলাইন দিয়েছিল, তা মেনেই হবে রথযাত্রা। আর পুরী ছাড়া অন্য কোথাও রথযাত্রা পালন করা হবে না এমনটাও জানানো হয়েছে।

আরও পড়ুন- অবশেষে স্বস্তি মধ্যবিত্তের সংসারে ! লিটার প্রতি অনেকটা কমছে ভোজ্যতেলের দাম

এই বিষয়ে ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ জেনা জানান, এই বছরও প্রভু জগন্নাথ, বলরাম, ও সুভদ্রার রথযাত্রা পালন করা হবে। তবে করোনা নেগেটিভ ও টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে, এমন ব্যক্তিরাই রথযাত্রায় অংশ নিতে পারবেন। এরই সঙ্গে পুরী জুড়ে জারি হবে কার্ফু।

এরপর রথ-উল্টোরথ সব মিটে গেলে ২৫শে জুলাই খুলতে পারে পুরীর মন্দির। আপাতত এটাই জানানো হয়েছে পুরীর মন্দিরে মুখ্য প্রশাসক ওড়িশার ডিস্ট্রিক্ট কালেক্টর তথা পদাধিকার বলে পুরীর মন্দিরের মুখ্য প্রশাসক কিষাণ কুমারের তরফে। তবে মন্দিরে প্রবেশের জন্যও বেশ কিছু কোভিড বিধি মেনে চলতে হবে ভক্তদের।

বর্তমানে ওড়িশায় অন্যান্য রাজ্যের বাসিন্দা প্রবেশ করুক, এমনটা চাইছেন না সে রাজ্যের প্রশাসক। এই কারণেই অতিমারির কথা মাথায় রেখে খোলা হচ্ছে না পুরীর মন্দির। তবে সব ঠিকঠাক থাকলে ২৫শে জুলাই খুলে দেওয়া হবে জগন্নাথদেবের মন্দির। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাদের করোনার টিকার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে, তাদের টিকার সার্টিফিকেট দেখে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে।

RELATED Articles