কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ‘বেপাত্তা’ সোনিয়া, রাহুল! তোপ বিরোধীদের, ক্ষোভ কংগ্রেসের অন্দরে

আজ সোমবার জাতীয় কংগ্রেসের ১৩৬তম প্রতিষ্ঠা দিবস। অথচ দেশীয় রাজনীতিতে কংগ্রেসের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী গান্ধী পরিবারের অন্যতম মুখ রাহুল গান্ধীই সেখানে অনুপস্থিত।

আর সোনিয়া পুত্রের এহেন আচরণের জন্যই শতাব্দী প্রাচীন দলটিকে তীব্র আক্রমণ করেছে প্রধান বিরোধীদল বিজেপি। যদিও দলের বর্ষীয়ান নেতৃত্ব জানিয়েছে, ব্যক্তিগত কাজে এখন বিদেশ রয়েছেন রাহুল।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ দেশজুড়ে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। নয়া দিল্লির কংগ্রেস ভবনেও পতাকা উত্তোলন হয়। উপস্থিত ছিলেন এআইসিসির নেতারা। তাৎপর্যপূর্ণভাবে সেখানেই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী দুজনই গরহাজির ছিলেন।

শুধুমাত্র কংগ্রেস নেতৃত্বের সঙ্গে হাজির ছিলেন প্রিয়াঙ্কা। এদিন তিনিই রাহুলের অনুপস্থিতি মুখে কুলুপ এঁটেছেন। বরং সাফাই দিয়েছেন দলের মুখপাত্র রণদীপ সিং সূরজওয়ালা। তিনি বলেন, রাহুল গান্ধী ব্যক্তিগত দরকারে বিদেশে গিয়েছেন তিনি। দলের কর্মসূচি থেকে কয়েকদিন দূরে থাকবেন। এদিন অন্য এক বর্ষীয়ান নেতা কেসি বেণুগোপাল জানান, “কেউ কি ব্যক্তিগত কাজে কোথাও যেতে পারে না? বিজেপি নোংরা রাজনীতি করছে। ওঁরা শুধু রাহুলকে আক্রমণ করছেন। এদিন রাহুল না থাকলেও প্রিয়াঙ্কা ছিলেন।”

প্রসঙ্গত, সোনিয়া-রাহুলের অনুপস্থিতি নিয়ে প্রথম আমজনতার চোখ টানেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি টুইটারে লেখেন, “কংগ্রেস তাঁদের ১৩৬তম প্রতিষ্ঠা দিবস পালন করছে, আর রাহুল গান্ধী পালিয়ে গেলেন।” এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম ট্রোল হয়নি। সূত্রের খবর, রাহুলের অনুপস্থিতি নিয়ে দলের অন্দরেও প্রশ্ন উঠছে বলে সূত্রের খবর। দলের কর্মীদের একাংশ মনে করছেন, কৃষক আন্দোলন নিয়ে দেশে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। এমন আবহে দলের অন্যতম প্রধান নেতা আচমকা বিদেশ ভ্রমণ দলীয় কর্মীদের মনোবলে আঘাত করবে। যদিও এ কথা মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, রবিবারই কাতার এয়ারওয়েজের বিমানে তিনি মিলানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উল্লেখ্য, মিলানে রাহুলের দিদার বাড়ি। এর আগেও তিনি সেখানে কয়েকবার গিয়েছেন। কিন্তু আজ দলের প্রতিষ্ঠা দিবসে তাঁর গরহাজির থাকাটা মেনে নিয়ে পারছেন না অনেকেই। ক্ষোভ কিন্তু তৈরি হয়েছে কংগ্রেসের অন্দরেও।

RELATED Articles