তিনি রাহুল গান্ধী। প্রাক্তন কংগ্রেস সভাপতি। শাসক বিজেপির সঙ্গে প্রায় প্রত্যেক দিনই কোনও না কোনও কারণ নিয়ে দ্বন্দ্বে লেগে পড়েন। আর ইদানীংকালে তো একের পর এক ইস্যুতে কেন্দ্রকে লাগাতার আক্রমণ করে চলেছেন সোনিয়া পুত্র। কখনও ভিডিও পোস্ট তো কখনও আবার তথ্য-পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় সরকারকে প্রায় রোজই নাস্তানাবুদ করছেন। আর তাঁর আক্রমণের জবাব দিতে প্রায় রোজই বিজেপির নেতা-মন্ত্রীদের আসরে নামতে হচ্ছে। তাঁরাও পাল্টা তোপ দাগছেন রাহুলের বিরুদ্ধে। কিন্তু তাতেও যে রাহুলকে থামানো যাবে না তা কার্যত স্পষ্ট।
বৃহস্পতিবার সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছিলেন, “উনি তো কেবল নিজের ভাবমূর্তি তৈরিতে ব্যস্ত।” শুক্রবার ফের নাম না করে কেন্দ্রকে আক্রমণ করে বললেন, “করোনা, অর্থনীতি এমনকী চীন নিয়েও আমি সতর্ক করেছিলাম। কিন্তু ওঁরা পাত্তা দেয়নি।”
করোনা পরিস্থিতির শুরু থেকেই টুইটারকে হাতিয়ার করে কেন্দ্র তথা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন রাহুল। লাদাখ সীমান্তে চীনা আক্রমণের পর সেই আক্রমণের ধার আরও বেড়েছে। শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “আমি করোনা পরিস্থিতি, অর্থনৈতিক দুরবস্থা নিয়ে বারবার সতর্ক করেছিলাম। কিন্তু ওঁরা গুরুত্ব দেয়নি। ফলে বিপর্যয় চলছেই। আমি চীন নিয়েও ওঁদের সতর্ক করছি। কিন্তু ওঁরা সেই সতর্কবার্তায় কান দিচ্ছে না।” তবে রাহুলের এহেন টুইটের বিষয়ে কেন্দ্রের কোনও মন্ত্রী বা বিজেপি নেতাই আর মুখ খোলেননি।





