১৫ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রেলে বিভিন্ন শূন্যপদে পরীক্ষা, ১.৪ লক্ষ শূন্য পদের জন্য আবেদন ২.৪২ কোটি!

রেলের শূন্যপদ নিয়োগে এবার বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল(Piyush Goyal) জানিয়েছেন, ১৫ ডিসেম্বর থেকে ১.৪ লক্ষ শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হবে। এইদিন বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব(VK Yadav)জানান, “অনলাইনে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে। যা শুরু হতে চলেছে চলতি বছরের ১৫ই ডিসেম্বর থেকে। করোনার(Corona Virus) কারণে এতদিন পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ১৫ ডিসেম্বর থেকে কম্পিউটার মাধ্যমে পরীক্ষা (computer-based exams) নেওয়া শুরু হবে। শীঘ্রই বিস্তারিত ঘোষণা করা হবে।”

যদিও এই পরীক্ষার জন্য ফর্ম পূরণ করতে হয়েছিল করোনা পরিস্থিতির আগেই।১,৪০,৬৪০টি শূন্যপদের জন্য আবেদন জমা পড়েছিল প্রায় ২.৪২ কোটি।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই চাকরিপ্রার্থীরা সরব হয়ে ওঠেন। তারপরেই রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করেন,”১৫ ডিসেম্বর থেকে ১৪০৬৪০টি শূন্যপদের জন্য কম্পিউটার মাধ্যমে নিয়োগ পরীক্ষা শুরু হবে।” এর ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পরীক্ষার্থীরা।

মোট তিন ধরনের পদের জন্য এই নিয়োগ পরীক্ষা হতে চলেছে। নন-টেকনিক্যাল পদে ৩৫,২০৮টি শূন্যস্থান, আইসোলেটেড মিনিস্ট্রিয়াল পদে ১৬৬৩টি শূন্যস্থান, লেভেল ওয়ানে ১,০৩, ৭৬৯টি শূন্যস্থান পূরণের জন্য এই পরীক্ষা নেওয়া হতে চলেছে। যদিও বিরোধীদের দাবি, যেহেতু সামনে বিহার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট রয়েছে তাই চাকরিপ্রার্থীদের খুশি করার জন্যই এই ঘোষণা তবে রেল বোর্ডের চেয়ারম্যানের তরফে দাবি যে, নিট ও জেইই নিয়ে সুপ্রিম কোর্টের রায় তাদেরকে আশা যুগিয়েছে এবং সেই কথা মাথায় রেখেই পরীক্ষার্থীদের সুবিধার কারণে এই ঘোষণা করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment