আজ, রবিবার মহালয়া। আগামীকাল থেকেই শুরু হচ্ছে নবরাত্রি। আমাদের পশ্চিমবঙ্গবাসীরা জন্য দুর্গাপুজোর চারদিন উদযাপন করলেও, উত্তর ভারতে কিন্তু আগামীকাল থেকেই শুরু দেবীর অর্চনা অর্থাৎ নবরাত্রির। আগামীকাল থেকে শুরু করে দশমী পর্যন্ত চলবে এই উৎসব। কিন্তু এই উৎসবেই এবার বাধ সাধল রাজস্থানের কংগ্রেস সরকার।
গত শুক্রবার রাজস্থান পুলিশের তরফে একটি নোটিশ জারি করে নির্দেশ দেওয়া হয়েছে যে রাজস্থানের বার্মার প্রসিদ্ধ হিংলাজ মন্দিরে নবরাত্রি উপলক্ষ্যে কোনও ধরণের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা যাবে না। এই নোটিশে জানানো হয়েছে যে যদি কোনও ধর্মীয় নিয়ম পালন করতে হয়, তার জন্য অনুমতি নিতে হবে পুলিশের। এর জেরে রাজস্থান সরকারের উপর তীব্র ক্ষোভ জারি করেছে হিন্দু সংগঠন।
পুলিশের এই নোটিশের বিরোধিতা করে কংগ্রেস সরকারকে তুলোধোনা করে প্রাক্তন সাংসদ তরুণ বিজয় টুইট করে লেখেন, “হিন্দুদের জন্য কালো দিন। ভারতের অন্যতম বৃহত্তম ধর্মস্থান হিংলাজ মন্দিরে নবরাত্রি উপলক্ষ্যে সমস্ত ধরণের হিন্দু ধর্মীয় অনুষ্ঠান পালন নিষিদ্ধ করেছে রাজস্থান সরকার। পাকিস্তানের বালুচিস্তানের হিংলাজ মাতা মন্দিরে বাওয়েজা ও শেহবাজ যা করতে পারে নি, রাজস্থানে গেহলত সেটা করে দিলেন। যত পারেন প্রতিবাদ জানান”।
পুলিশের দেওয়া ওই নোটিশে বলা হয়েছে যে হিংলাজ মন্দিরের হিন্দু ভক্তদের মধ্যে এখন অন্তর্দ্বন্দ্ব চলছে। সেই কারণে এই সময় যদি ওই মন্দিরে কোনও অনুষ্ঠান পালন করা হয় তাহলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই এই নিষেধাজ্ঞা।
পুলিশের তরফে সাফ জানানো হয়েছে যে নবরাত্রি উপলক্ষ্যে রাজস্থানের হিংলাজ মন্দিরে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। যদি কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হয়, সেক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষকে পুলিশের থেকে অনুমতি নিতে হবে। যদি তা না করা হয়, তাহলে পুলিশ কড়া পদক্ষেপ নেবে বলেও জানানো হয়েছে।





