খাদ্যে বিষক্রিয়ার জের, গুরুতর অসুস্থ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর, ভর্তি এসএসকেএম হাসপাতালে

উৎসবের মধ্যেই ঘটে গেল অঘটন। খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে পড়লেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বমি, পায়খানার সমস্যা নিয়ে বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই খবর হাসপাতাল সূত্রে।

গতকাল, শনিবার বাড়িতে খাওয়াদাওয়া করেন তৃণমূল বিধায়ক। রাত আটটা নাগাদ তিনি নিজের অফিসেই ছিলেন। সেই সময় অসুস্থ বোধ করেন তিনি। প্রথমে তাঁকে ভর্তি করা হয় ডেবরার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। তবে সেখানের চিকিৎসায় বিশেষ লাভ হয়নি তাঁর। সেই কারণে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে বিধায়কের।

হাসপাতাল সূত্রে খবর, ডেবরার তৃণমূল বিধায়কের নানান স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকদের অনুমান, গতকাল, শনিবার সন্ধ্যায় একটু বেশি তেলে ভাজাভুজির খাবার খেয়ে নিয়েছিলেন বিধায়ক। সেই কারণেই খাবারে বিষক্রিয়ার জেরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে আপাতত বিধায়কের অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে।

বলে রাখি, হুমায়ুন কবীর বরাবরই দাপুটে পুলিশ কর্মী বলে পরিচিত ছিলেন। তিনি চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার। অবসর নেওয়ার মাত্র দু’মাস আগে চাকরি থেকে অবসর নেন হুমায়ুন কবীর। এরপর কালনায় দলীয় অনুষ্ঠানমঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি।  

এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ান হুমায়ুন কবীর। জিতেও ছিলেন নির্বাচনে। ডেবরা থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রীও ছিলেন হুমায়ুন কবীর। তবে বর্তমানে তাঁর আর মন্ত্রিত্ব নেই।

RELATED Articles