গতকালই কলকাতা হাইকোর্টের তরফে তুলে নেওয়া হয় সারদা কান্ডে জড়িত প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ। এরপরই গতকাল সিবিআই আধিকারিকেরা পৌঁছান পার্ক স্ট্রিটে রাজীব কুমারের সরকারি বাস ভবনে। কিন্তু সেখানে খুঁজে পাওয়া যায়নি তাকে৷ গতকাল থেকেই কার্যত নিখোঁজ প্রাক্তন পুলিশ কমিশনার৷
Check out best Bengal Football website
গতকাল রাজীব কুমারের সরকারি বাসভবনে গিয়ে তাকে না পেয়ে ভবানী ভবনে গিয়েও খোঁজ করা হয় রাজীব কুমারের। কিন্তু সেখানেও পাওয়া যায়নি তাকে। ভবানী ভবনের তরফে জানানো হয় যে ছুটিতে রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার। এরপর আর উপায় না পেয়ে সিবিআই রাজীব কুমারের প্রতি জারি করা নোটিশ লাগিয়ে দিয়ে আসে তাঁর বাস ভবনের দেওয়ালেই৷
নোটিশে লেখা ছিল যে আজ সকাল ১০ টার মধ্যেই সল্টলেকের সিবিআই দফতরে হাজিরা দিতে হবে প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে৷ কিন্তু গতকাল থেকেই কার্যত নিখোঁজ তিনি। তন্নতন্ন করে খুঁজেও রাজীব কুমারের পাত্তা কোথাও পাননি সিবিআই আধিকারিকেরা। এমনকি ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে রাজীব কুমারের ফোনও বন্ধ পাওয়া যায়৷ ফলস্বরূপ এবারে সজাগ হয়েছে সিবিআই আধিকারিকেরা। ইতিমধ্যেই সিবিআই এর তরফে সতর্ক করা হয়েছে দমদম বিমানবন্দরকে। কলকাতা হাইকোর্টও নির্দেশ দিয়েছিল রাজীব কুমারকে তাঁর পাসপোর্ট সিবিআই এর নিকট জমা রাখতে। কারণ তদন্ত চলাকালীন রাজীব কুমারের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে৷ যা পরিস্থিতি তাতে বলা যায় যে দেশে থেকেই কার্যত উবে গেলেন প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার।





