ভারতীয় শাস্ত্র অনুযায়ী গণপতির পুজো সবার আগে হয়। তাই রাম মন্দিরের ভিত পুজোর ক্ষেত্রেও এর অন্যথা হল না। আজ থেকে শুরু হয়েছে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজো। সকাল ৯টায় শুরু হয়েছে গণপতি পূজা, চলবে বেলা ১টা পর্যন্ত। আর এই পুজোর পৌরহিত্য করার কাজে যোগ দিয়েছেন ২১ জন পূজারী। মঙ্গলবার অনুষ্ঠিত হবে রামরাজা পূজা। আজ অর্থাৎ সোমবার দুপুরেই অযোধ্যা পৌঁছবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, থাকবেন সন্ধে পর্যন্ত। ভূমি পূজার প্রস্তুতি নিয়ে কথা বলবেন সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে।
যদিও ভূমি পূজোয় উপস্থিত হচ্ছেন না উমা ভারতী। করোনা মহামারীর জেরেই তাঁর এই সিদ্ধান্ত। তিনি জানিয়েছেন, অযোধ্যায় ভূমি পূজায় যোগ দেবেন না তিনি। কিন্তু প্রধানমন্ত্রী সহ অন্যান্যরা চলে যাওয়ার পর তিনি রামলালার দর্শন করতে আসবেন। টুইটে তিনি লিখেছেন, কাল যখন শ্রী অমিত শাহ ও উত্তর প্রদেশ বিজেপির কয়েকজন নেতানেত্রীর করোনা হওয়ার খবর পাই, তখন থেকে আমি অযোধ্যায় মন্দিরের হাজির হতে চলা লোকজন, বিশেষ করে প্রধানমন্ত্রীকে চিন্তিত।
পরের টুইটে তিনি লিখেছেন, রাম জন্মভূমি ট্রাস্টকে জানিয়ে দিয়েছি, শিলান্যাসের সময় আমি অযোধ্যায় সরযূ নদীর তীরে থাকব। প্রধানমন্ত্রী ভূমি পূজায় যোগ দিতে ৫ তারিখ অযোধ্যা আসবেন। দেশের ১৭০ জন বিশিষ্ট ব্যক্তি যোগ দেবেন এই অনুষ্ঠানে।





