‘আমার সময়ের মূল্য টাটা, আম্বানি, আদানিদের থেকেও বেশি’, ভরা সভায় দাবী যোগগুরু বাবা রামদেবের

টাটা, আম্বানি, আদানি, বিড়লা বা দেশের প্রথম সারির যে কোনও শিল্পপতির থেকে তাঁর সময়ের মূল্য অনেক বেশি। রবিবার এক ভরা সভা থেকে এমনটাই দাবী করলেন যোগগুরু বাবা রামদেব। নিজের এই দাবীর সপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাঁর কথায়, একজন শিল্পপতি ব্যক্তিস্বার্থে সময় ব্যয় করেন কিন্তু তাঁর মতো স্রষ্টা সকলের মঙ্গলের জন্য সময় ব্যয় করেন।

গত রবিবার গোয়ার পানাজিতে তিনদিন ব্যাপি সভায় অংশ নেন বাবা রামদেব। সেখানে তাঁর অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওন্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নাইক। তাদের উপস্থিতিতেই রামদেব বলেন, “আমি তিনদিনের জন্য হরিদ্বার থেকে এখানে এসেছি। আদানি, আম্বানি, টাটা এবং বিড়লাদের থেকেও আমার সময়ের মূল্য বেশি”।

এরপরই যোগগুরুর ব্যখ্যা, “শিল্পপতিরা ৯৯ শতাংশ সময় দেন ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে, সেখানে একজন দ্রষ্টা সকলের মঙ্গলের জন্য সময় ব্যয় করেন”।

পতঞ্জলির সাফল্যের জন্য এদিন আচার্য বালকৃষ্ণের ভূয়সী প্রশংসা করেন যোগগুরু রামদেব। বালকৃষ্ণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “অতি দুর্বল পরিস্থিতি থেকে পতঞ্জলিকে ৪০ হাজার কোটি টাকার ব্যবসায় পৌঁছে দিয়েছেন আচার্য বালকৃষ্ণ। এই সাফল্যের পিছনে রয়েছে পেশাদারি স্বচ্ছতা, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং নিষ্ঠার সঙ্গে কর্তব্যপালন”। এদিন তিনি এও দাবী করেন যে ভারতকে ‘পরম বৈভবশালী’ করে তুলতে পতঞ্জলির মতো একাধিক কোম্পানির খুবই প্রয়োজন।

RELATED Articles