এবার চেকের (Cheque) মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে বড়সড় রদবদল আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বর্তমানে আমরা প্রায়শই সংবাদমাধ্যমে দেখতে পাই যে চেকের মাধ্যমে জালিয়াতি অনেক বেড়ে গিয়েছে। তাই এবার এই জালিয়াতি বন্ধ করতে বড় পদক্ষেপ নিল আরবিআই। এবার থেকে চেকের মাধ্যমে ৫০ হাজার টাকার বেশি পেমেন্ট করতে গেলে নতুন পদ্ধতি প্রয়োগ করতে হবে।
২০২১ সালের ১লা জানুয়ারি থেকে এই নতুন পদ্ধতি ‘পজিটিভ পে সিস্টেম’ (Positive Pay system) নামে কার্যকর হবে। জানিয়েছে আরবিআই।
এই নতুন পদ্ধতি কীভাবে কাজ করবে?
জানা গিয়েছে, এই ব্যবস্থায় ৫০ হাজার টাকা বা তার বেশি টাকার চেক হলে সই মেলানো ছাড়াও অন্যান্য আরও তথ্য যাচাই করবে ব্যাংক। এই পদ্ধতিতে, কাউকে চেক দেওয়ার পরে প্রাপক সেটি ব্যাংকে জমা দিলেই পেমেন্ট পাবেন না। এরপরে চেকদাতাকে কিছু তথ্য দিতে বলবে ব্যাঙ্ক। এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং বা এটিএম–এর মাধ্যমে চেকের তারিখ, কার নামে দেওয়া হয়েছে, টাকার অঙ্ক–সহ একাধিক তথ্য জানাতে হবে। এরপরেই হবে টাকার লেনদেন।
এছাড়া চেকদাতাও এই সুবিধা পাবেন। তবে পাঁচ লক্ষ বা তার বেশি টাকার ক্ষেত্রে এই পদ্ধতি বাধ্যতামূলক হতে পারে। এর ফলে একটি ব্যাংকের চেক অন্য ব্যাংক থেকে ভাঙ্গানোর যে ব্যবস্থা রয়েছে সেখানে কোনো গন্ডগোল হলেই ধরা পড়ে যাবে। NPCI–এর তরফ থেকে ব্যাংকগুলোকে ‘পজিটিভ পে সিস্টেম’–এর অন্তর্ভুক্ত করা হবে।
আগামী বছর থেকে এই ব্যবস্থা চালু করার কথা থাকলেও ইতিমধ্যেই ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে গ্রাহকদের এই ব্যাপারে এখন থেকেই অবগত করা হয়। এর জন্য গ্রাহকদের এসএমএস পাঠিয়ে নতুন ব্যবস্থা সম্পর্কে জানাতে হবে। এছাড়া সমস্ত ব্যাংকের ব্রাঞ্চে এই ব্যবস্থাটি লিখিত আকারে টানিয়ে রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।





