ভারতের অন্যতম বেসরকারি ব্যাংক ইয়েস ব্যাংক (Yes Bank) মূলধনের সমস্যা এবং বিপুল অনাদায়ী ঋণের ভারে জর্জরিত হওয়ায় তাদের গ্রাহকরা আপাতত ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না। হ্যাঁ, এমনই নিষেধাজ্ঞা জারি করল ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)। পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে বৃহস্পতিবার দেশের কেন্দ্রীয় ব্যাংকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। সেইসঙ্গে ইয়েস ব্যাংকের জন্য মোরাটোরিয়াম ঘোষণা করা হয়েছে।
এছাড়াও অবিলম্বে ইয়েস ব্যাংকের পরিচলন পর্ষদ খারিজ করে দেওয়ার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক। সেইসঙ্গে ভারতীয় স্টেট ব্যাংকের প্রাক্তন CFO প্রশান্ত কুমারকে দেশের বেসরকারি এই ব্যাংকের প্রশাসক নিয়োগ করা হয়েছে। এ দিন সন্ধ্যায় আরবিআইয়ের এক নির্দেশিকায় একথা জানানো হয়েছে।
বড় ধরনের আর্থিক দুর্নীতি ফাঁস হওয়ার পরে এর আগে মুম্বই ভিত্তিক সমবায় ব্যাংক PMC ব্যাংকের ক্ষেত্রে মাস ছ’য়েক আগে এমনই পদক্ষেপ নিয়েছিল RBI। তার রেশ কাটার আগে ইয়েস ব্যাংকের ক্ষেত্রেও একই পদক্ষেপ করল তারা।
ইয়েস ব্যাংক সার্ভার ব্যবহারের ফলে ‘ফোন পে’ ও ‘পেনিয়ারবাই’-এর পরিষেবাতেও এর প্রভাব পড়েছে। বর্তমানে ইয়েস ব্যাংক আয়তনে অনেকটাই বড় কারণ একাধিক বেসরকারি আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এই ব্যাংক। কাজেই কোনও বড় ধরনের আর্থিক জটিলতা বা সমস্যা তৈরি হলে তা অর্থনীতির উপর গুরুতর প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। তাই রিজার্ভ ব্যাংকের এই সতর্কতা। অভ্যন্তরীণ নানাবিধ সমস্যা থাকার পাশাপাশি মূলধনের পরিস্থিতি সঙ্গীন এবং অনাদায়ী ঋণের পরিমাণও বৃদ্ধি পেয়ে ইয়েস ব্যাংকের সংকট বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে।





