এবার বাংলায় পাকাপাকি আসছেন অর্ণব গোস্বামী!

রিপাবলিক টিভির খ্যাতি যে গোটা দেশে অল্প সময়ের মধ্যে বেশ ছড়িয়ে পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই মিডিয়া নেটওয়ার্কের ইংরেজি ও হিন্দি চ্যানেল চলছে বেশ রমরমিয়ে। এবার নিজের জালকে আরও একটু বিস্তার করতে চলেছেন অর্ণব গোস্বামী। পশ্চিমবঙ্গেও নিজেদের প্রতিপত্তি বিস্তার করতে নতুন বাংলা চ্যানেল আনতে চলেছে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক।

এদিন একটি টুইটের মাধ্যমে চ্যানেল কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে, “আমরা আসছি”। এরপরই নতুন চ্যানেলের জন্য কর্মী নিয়োগ করার বিষয়ে চ্যানেল থেকে জানানো হয় যে, “রিপাবলিক টিভির পক্ষ থেকে দক্ষ নিউজ এডিটরের খোঁজ চলছে। তরুণ ও স্মার্ট রিপোর্টারের খোঁজ করা হচ্ছে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের তরফ থেকে। যোগাযোগকারীর অবশ্যই বাংলা ভাষার প্রতি দখল থাকতে হবে ও এর আগে পশ্চিমবঙ্গের বাংলা কোনও চ্যানেলে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।”

https://twitter.com/republic/status/1337348353189822472

বর্তমানে, রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক-এর দুটি চ্যানেল রয়েছে, ইংরেজি চ্যানেল রিপাবলিক টিভি ও হিন্দি চ্যানেল আর ভারত। পশ্চিমবঙ্গে বাংলা চ্যানেলটিই হবে এই মিডিয়া নেটওয়ার্কের প্রথম আঞ্চলিক ভাষার চ্যানেল। তবে এই চ্যানেল আসার পর যে আগামী বছরের বিধানসভা নির্বাচনে বেশ ভালোই প্রভাব পড়বে, তা বোঝাই যাচ্ছে।

তবে লক্ষ্য করার বিষয় এই যে, অর্ণব গোস্বামীও নিজের কর্মজীবন শুরু করেছিলেন কলকাতা থেকেই। দৈনিক সংবাদপত্র দ্য টেলিগ্রাফে চাকুরীরত ছিলেন তিনি। বাংলা ভাষা তিনি জানেন। তাই আশা করা যেতেই পারে যে নতুন চ্যানেল শুরু হলে তাঁকেও মাঝে মধ্যেই সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে।

তালোজা জেল থেকে মুক্তি পাওয়ার পর রিপাবলিক টিভি এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী বলেছিলেন, “পরবর্তী ১১-১২ মাসের মধ্যেই দেশের প্রত্যেক রাজ্যে রিপাবলিক টিভির আঞ্চলিক চ্যানেল আসবে। আগামী ১৬-১৭ মাসের মধ্যে যে এই চ্যানেলকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবেন বলেও দাবী করেন”।

তিনি আরও বলেন, তাঁকে যদি জেলে ভরা হয় তাহলে সেখান থেকেই তিনি চ্যানেল শুরু করবেন। সারা দেশ যে তাঁর সঙ্গে আছে, একথাও মনে করিয়ে দেন তিনি। উদ্ধব ঠাকরের সরকারের বিরুদ্ধে হুংকার ছেড়ে অর্ণব বলেন, “আগামী ১৬ মাসের মধ্যে যদি আমি আন্তর্জাতিক পর্যায়ে চ্যানেলকে না নিয়ে যেতে পারি, তবে আমি আমার নাম বদলে দেব।”

RELATED Articles