দেশকে করোনা থেকে সুরক্ষিত করতে আমার সামনে এগিয়ে এল রিলায়েন্স। করোনা মোকাবিলায় দেশেই পিপিই বানাচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড৷ গুজরাতের সিলভাসায় সদ্য অধিগৃহীত অলোক ইন্ডাস্ট্রিজ- এর গোটা পরিকাঠামোই এখন পিপিই তৈরি করতে কাজ লাগাচ্ছে সংস্থা৷ সর্বাধুনিক পরিকাঠামো এবং প্রায় দশ হাজার দক্ষ কর্মীর সাহায্যে দৈনিক এক লক্ষ পিপিই তৈরি হচ্ছে৷ এই পিপিই গুলি যেরকম দামে সস্তা সেরকম কাজেও সেরা।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, সিলভাসার এই প্ল্যান্টটিতে এপ্রিল মাসের মাঝামাঝি পিপিই-র উৎপাদন শুরু হয়েছিল৷ কিন্তু দ্রুত উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরিকাঠামো আরও শক্তিশালী করা হয়৷ এর ফলে বর্তমানে সেখানে দৈনিক এক লক্ষ করে পিপিই তৈরি হচ্ছে৷
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর প্রাথমিক ভাবে পিপিই আমদানি করতে বাধ্য হচ্ছিল ভারত৷ কিন্তু করোনা মোকাবিলায় রিলায়েন্স এই সুরক্ষা বর্ম দেশেই বানানো শুরু করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কেন্দ্রীয় সরকার।
একটি পিপিই আমদানি করতে ভারতের যেখানে ২ হাজার টাকা করে খরচ করছিল, সেখানে রিলায়েন্স-এর তৈরি পিপিই-র দাম পড়ছে ৬৫০ টাকা করে৷
সিলভাসার কারখানায় তৈরি এই পিপিই-গুলিতে একটিই চেন রয়েছে৷ ফলে পিপিই-গুলির নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন উঠবে না৷ পাশাপাশি পিপিই-গুলির সেলাইয়ের জায়গাগুলিতে অ্যান্টি- মাইক্রোবিয়াল টেপ ব্যবহার করা হয়েছে৷ উচ্চ গুণমানের পলিপ্রোপিলিন ব্যবহার করায় পিপিই-গুলি অনেক বেশি স্বচ্ছ এবং হাল্কা৷ পিপিই-তে গোটা শরীর ঢাকার বর্ম, গ্লাভস, জুতোর কভার, থ্রি প্লাই অথবা এন ৯৫ মাস্ক, মাথা ঢাকার সরঞ্জাম এবং ফেস শিল্ড থাকে৷
ডাক্তার, নার্স সহ যেসব মানুষ সামনে থেকে করোনার সঙ্গে লড়াই করছেন তাদের সুরক্ষা দিতে বদ্ধপরিকর রিলায়েন্স।





