করোনা রোগী সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষগুলির। কখনও রোগী পালায় হাসপাতাল থেকে আবার কখনও ছাদের কার্নিশে উঠে পড়ে! আর এবার কলকাতা মেডিক্যালে আচমকা করোনা আক্রান্ত রোগীর দৌড়োদৌড়িতে নাজেহাল হতে হলো হাসপাতাল কর্তৃপক্ষ। ৫ দিন আগে ওই করোনা আক্রান্ত রোগীকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই মুহুর্তে সুপার স্পেশালিটি ব্লকে রয়েছেন ওই রোগী।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত ওই রোগীর বয়স ৩৪। সম্প্রতি তাঁকে কলকাতা মেডিক্যালে হাসপাতালে ভর্তি করানো হয়। আর তারপর থেকেই তিনি কার্যত দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছেন। কখনও লেপ মুড়ি দিয়ে দৌড়াদৌড়ি করছেন ওয়ার্ডের মধ্যে, কখনও ছুটে ছাদে চলে যাচ্ছেন। কখনও বা ৯ তলার ছাদের কার্নিশে বসে পা দোলাচ্ছেন। ওই করোনা আক্রান্ত রোগীর কাণ্ডতে চিন্তায় পড়েছেন মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের কর্তৃপক্ষ। এদিকে এই ব্লকেই করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে। কেউ বা চিকিৎসার জন্য বেডে বসে থাকছেন। এই অবস্থায় চিন্তায় চিকিৎসকেরাও।
হাসপাতাল সুপার ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, ‘করোনা পজেটিভ হওয়ায় এই রোগীকে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসার জন্য সুপার স্পেশালিটি ব্লকে তাঁকে রাখা হয়েছে। কিন্তু মাঝেমধ্যে লেপ-কম্বল নিয়ে ছোটাছুটি করছে ওয়ার্ডের মধ্যে। আবার কখনও কখনও লুকিয়ে পড়ছে। ফলে সমস্যা তৈরি হচ্ছে। সম্ভবত মানসিকভাবে ভারসাম্যহীন এই রোগী। তাঁকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছেন চিকিৎসকরাও।’





