আজ, ৩ মার্চ নির্ভয়ার চার দোষীর ফাঁসির দিন নির্ধারিত হলেও তা ফের পিছিয়ে গিয়েছে অনির্দিষ্টকালের জন্য। এই নিয়ে মোট তিনবার পরিবর্তিত হল ফাঁসির দিন। এই ঘটনায় যেমন ক্ষুব্ধ নির্ভয়ার মা, তেমনই অসন্তোষের আগুন ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি, নেটিজেনদের মধ্যেও। গোটা পরিস্থিতির সঙ্গে নিজের অভিনীত সিনেমা ‘দামিনী’-র তুলনা টানলেন অভিনেতা ঋষি কাপুর। এমনকি সিনেমার সংলাপ দিয়েই তিনি বিঁধলেন আদালতের সিদ্ধান্তকে। ট্যুইটার হ্যান্ডেলে অভিনেতা লেখেন, ‘তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ।’
Nirbhaya case. Tareekh pe tareekh,tareekh pe tareekh, tareekh pe tareekh- “Damini”. Ridiculous!
— Rishi Kapoor (@chintskap) March 2, 2020
রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমা ‘দামিনী’-র সংলাপ এটি। সিনেমার চিত্রনাট্য অনুযায়ী, দামিনীর চরিত্রে থাকা সেই মহিলাকে ধর্ষণ করে তাঁর শ্বশুরবাড়ির লোকেরাই। এরপর দীর্ঘসময় পেরিয়ে, দীর্ঘ লড়াইয়ের পর আদালতে সুবিচার পান তিনি। সমাজে নারীদের অবস্থান নিয়ে নির্মিত এই ছবি দাগ কেটেছিল সকলের মনে। দিনের পর দিন নির্ভয়ার দোষীদের ফাঁসি পেছনোর এই ঘটনাকে ‘অদ্ভূত ও আশ্চর্যজনক ঘটনা’ বলে মন্তব্য করেছেন ঋষি।






