Ahmedabad plane crash : দুঃসময়ে ধর্ম নয়, সামনে এসেছে মানবতা! আহমেদাবাদে স্বজনহারাদের পাশে দাঁড়াল আরএসএস ও জামিয়ত!

আহমেদাবাদের আকাশ এখন ভারী। বুক ফাটা কান্নার শব্দ ছড়িয়ে পড়ছে হাসপাতালের প্রতিটি করিডরে। প্রিয়জনকে হারিয়ে শোকে স্তব্ধ অসংখ্য মানুষ। একেকজন অপেক্ষা করছেন শুধুমাত্র একটি দেহাংশ পাওয়ার আশায়। এই অপেক্ষার প্রহর দীর্ঘ, এই যন্ত্রণা অসীম। অথচ এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মানবতার এক বিরল দৃষ্টান্ত তৈরি করল ভারত। একসঙ্গে পথে নেমেছে দুই চরম ভিন্নমতাদর্শের সংগঠন—আরএসএস এবং জামিয়ত উলেমায়ে হিন্দ।

দুই সংগঠনের স্বেচ্ছাসেবকরাই দিনরাত এক করে কাজ করছেন। আহমেদাবাদের বিজে (BJ) হাসপাতালের বাইরে যে ভিড়, তার মধ্যে অসহায়দের পাশে পৌঁছে দিচ্ছেন খাবার, জল এবং প্রাথমিক চিকিৎসার সামগ্রী। শুধু মৃতের আত্মীয়রাই নন, যাঁরা সংবাদ সংগ্রহ করছেন—সাংবাদিক, বা যাঁরা প্রতিনিয়ত কাজ করে চলেছেন—পুলিশ, নিরাপত্তারক্ষী, তাঁরাও পাচ্ছেন এই সাহায্য। বিভেদের দেওয়াল ভেঙে একসঙ্গে কাজ করছেন সকলে, যেন বার্তা দিচ্ছেন—দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ।

এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ৪৮ ঘণ্টা। এখনও চলছে উদ্ধার অভিযান। শনিবার আবার এক দেহাংশ উদ্ধার হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। মৃতদেহগুলির অবস্থা এমন যে, শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই পরিজনদের ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ করে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেই রিপোর্ট পেতে লাগবে কমপক্ষে ৭২ ঘণ্টা, যা নিয়ে ক্ষোভ দানা বাঁধছে মৃতের পরিবারের মধ্যে। তবু আশার আলো এই যে, এই সময় তাঁরা একা নন—আছে একাধিক সংগঠন তাঁদের পাশে।

আরএসএস এবং জামিয়ত—যারা আদর্শগত ভাবে দুই মেরুর বাসিন্দা, তারাই একসঙ্গে কাজ করছেন এদিন। এটা নিছক কোনও ঘটনা নয়, বরং এক গভীর বার্তা। ধর্ম, জাতপাত, ভাষা, মতবাদ—সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষ পাশে দাঁড়ালে যে চিত্র তৈরি হয়, তা-ই দেখল গোটা আহমেদাবাদ। একে অপরের কাঁধে হাত রেখে দাঁড়ানো স্বেচ্ছাসেবকরা যেন স্মরণ করিয়ে দিলেন—‘সবার উপরে মানুষ সত্য।’

আরও পড়ুনঃ TMC : প্রচারপত্রে অভিষেকের ছবি থাকবে না ২১ জুলাইয়ে! কেন শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, জানালেন সুদীপ!

এই মুহূর্তে আহমেদাবাদের সবচেয়ে বড় ছবি হলো এই সংহতির চিত্র। বিমানে মৃত্যু হয়েছে, কিন্ত মৃতদেহ পাওয়া যায়নি। কেউ জানেন না, কবে আসবে সেই দেহ, আদৌ আসবে কিনা। তবু অপেক্ষা করছেন তাঁরা, আর পাশে দাঁড়িয়েছে এক ভারত—যেখানে ধর্ম নেই, আছে কেবল ভালোবাসা ও দায়িত্ববোধ। এটাই ভারতের আসল ছবি। কষ্টের মধ্যে যাঁরা একে অপরের হাতে হাত রেখে দাঁড়াতে জানেন, তাঁরাই তো ‘আসল ভারত’ তৈরি করেন।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles