আগামী বছরই রয়েছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। বিজেপির হয়ে ইতিমধ্যেই গান বেঁধে ফেলেছেন নিরাহুয়া। এবার পালা সমাজবাদী পার্টির। জানা গেল, বাংলার ‘খেলা হবে’ গানের অনুকরণেই সে রাজ্যে তৈরি হয়েছে ‘খদেরা হুইবে’ গান।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের মধ্যে সম্পর্ক বেশ ভালোই। এই কারণে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের ‘খেলা হবে’ গানের অনুকরণেই নির্বাচনী গান তৈরি করল সমাজবাদী পার্টি।
একুশের নির্বাচনের সময় ‘খেলা হবে’ গানটি প্রত্যেক মানুষের মুখে মুখে ঘুরেছে। এখনও সেই গানের রেশ রয়েই গিয়েছে। এবার তেমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশেও। এবার এই গানের অনুকরণে আওয়াধি ও ভোজপুরি ভাষায় শোনা যাবে ‘খদেরা হুইবে’ গান। এই বিধানসভা নির্বাচনের ফলাফল যে ২৪-এর লোকসভা নির্বাচনে বেশ প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।
https://twitter.com/samajwadiparty/status/1464269936990113802?ref_src=twsrc%5Etfw
শুধু গানই নয়, এর পাশাপাশি ‘সমাজবাদী সুগন্ধ’ নামে এক সুগন্ধীও বাজারে এনেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কনৌজের এক সমাজবাদী নেতা দলীয় প্রতীক লাগানো এই সুগন্ধীর ব্যবসা করছেন বলে খবর। ৪০৩টি আসনের বিধানসভা নির্বাচনে কমপক্ষে ২০২ টি আসনে জয়লাভ করতেই হবে যে কোন দল বা জোটকে। তবেই উত্তরপ্রদেশে ক্ষমতা দখল করতে পারবে তাঁরা।
উল্লেখ্য, নির্বাচনের আগে গান, সুগন্ধী বাজারে এনে সমাজবাদী পার্টি নিজেদের রমরমা শুরু করেছে। তবে এক্ষেত্রে পিছিয়ে নেই উত্তরপ্রদেশের বিজেপিও। ইতিমধ্যেই দলের হয়ে গান বেঁধে ফেলেছেন গায়ক-অভিনেতা তথা রাজনীতিবিদ নিরাহুয়া। সেই গান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নানান প্রচার সভায় চালানো হচ্ছে। বেশ জোরকদমেই প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দলগুলি।





