কলকাতার পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। আগামী ১৯শে ডিসেম্বর হতে চলেছে পুরসভার নির্বাচন। নির্বাচনী আচরণবিধিও ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে। তৃণমূলের তরফে গতকাল, শুক্রবারই পুরভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। পুরভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবেই হয়, এই নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে পঞ্চায়েত ও পুরভোট নিয়ে তৃণমূলের বিরুদ্ধে নানান অভিযোগের কথা শোনা যায়। ছাপ্পা ভোট থেকে শুরু করে ভোট দিতে বাধা, মারামারি, ভোট লুঠ, খুনখারাপি নানান অভিযোগ উঠেছে। এর জেরে শাসকদলের নাম খারাপ হয়েছে। এবার যেন সেই সমস্ত কোনও অভিযোগ না ওঠে, সেদিকে কড়া নজর দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী।
এই প্রসঙ্গে গতকাল, শুক্রবার দলের নির্বাচনী বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের বিরুদ্ধে যেন ভোট লুঠের অভিযোগ না করতে পারে বিরোধীরা। অতীতের অভিযোগের যেন এবারে আর পুনরাবৃত্তি না হয়। ত্রিপুরায় বিজেপি যেভাবে পুরভোট করেছে, সেরকমটা যেন আমাদের এখানে না হয়। আমাদের যেন ওদের মত মুখ না পোড়ে। ভোট লুঠ করে জিততে চাইনা আমরা, এটা সকলকে মাথায় রাখতে হবে। কোন খারাপ ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়”।
আলিপুরের অফিসে শুক্রবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা, কলকাতা পুলিশের ৮ জন ডেপুটি কমিশনার। রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে আগামী সপ্তাহে কলকাতার ১৬টি ব্যুরো এলাকায় একজন করে নির্বাচনী পর্যবেক্ষক বা রাজ্য সরকারের একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যায়ের অফিসার নিয়োগ করা হবে। প্রতিদিন বিকেল ৪টের মধ্যে এলাকার রিপোর্ট জমা দেবেন তারা, এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে।





