Congress Rift: ‘উনি বলছেন ওঁর কারণ আছে’, রাহুলকে নিশানা না করেই কটাক্ষ শশীর! দলেই কি ভাঙনের সুর?

ভারতের অর্থনীতিকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এই ইস্যুতে মুখ খুলেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই নতুন করে চর্চার কেন্দ্রে কংগ্রেস। দলের অন্দরেই যেন শুরু হয়েছে দ্বিমত। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী যেখানে সরাসরি ট্রাম্পের বক্তব্যে সমর্থন জুগিয়েছেন, সেখানে কংগ্রেস সাংসদ শশী থারুর আবার সেই সুরের তীব্র বিরোধিতা করে ফেলেছেন। এতেই জল্পনা আরও ঘনীভূত।

সম্প্রতি ট্রুথ সোশালে এক পোস্টে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “রাশিয়ার সঙ্গে ভারত কী করছে তা আমার জানার দরকার নেই। ওরা নিজেদের মৃত অর্থনীতিকে আরও ডুবিয়ে দিতে পারে।” তাঁর দাবি, ভারত এখন মৃত অর্থনীতির দেশ। এই মন্তব্যেই কার্যত মোদির নীতিকে কটাক্ষ করেন ট্রাম্প। এই বক্তব্যেই সায় দেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “ভারতের অর্থনীতি মৃত, মোদি তাকে খুন করেছেন।” নোটবন্দি, ভুল জিএসটি, কৃষক ও ক্ষুদ্র শিল্পের ধ্বংস এবং বেকার সমস্যা—এসবই তুলে ধরেন রাহুল। তাঁর দাবি, “আদানি-মোদি অংশীদারির কারণে এই বিপর্যয়।”

কিন্তু দলের এই অবস্থানের সঙ্গে একমত নন শশী থারুর। রাহুলের বক্তব্যের পরদিনই তিনি বলেন, “ভারতীয় অর্থনীতি নিয়ে ট্রাম্প যা বলেছেন, বাস্তবটা একেবারেই সেরকম নয়।” এরপর ফের একধাপ এগিয়ে বলেন, “আমি আমার দলীয় নেতার কথায় কোনও মন্তব্য করব না। তিনি যা বলেছেন, তার নিজস্ব কারণ রয়েছে।” পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, ভারতের সঙ্গে আমেরিকার কৌশলগত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও মতেই সেই সম্পর্ক নষ্ট হওয়ার মতো জায়গায় পৌঁছনো উচিত নয়।

একদিকে যখন কংগ্রেস ট্রাম্পের মন্তব্যকে হাতিয়ার করে কেন্দ্রকে বিঁধতে চাইছে, তখন শশীর এমন মন্তব্য দলীয় অন্দরেই প্রশ্ন তুলে দিয়েছে। ইতিমধ্যেই শশীর মোদি-প্রশংসা নিয়ে কংগ্রেসের অন্দরেই ক্ষোভ রয়েছে। এবার রাহুলের ‘ট্রাম্প সমর্থন’ নিয়ে বিরুদ্ধ অবস্থান যেন সেই আভ্যন্তরীণ বিভাজনকেই আরও স্পষ্ট করে তুলল। শশী যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একরকম দূরত্বে আছেন, তা নতুন নয়।

আরও পড়ুনঃ Organ Transport: দেশজুড়ে নতুন চমক! অঙ্গ প্রতিস্থাপনের ইতিহাসে যোগ হল নতুন অধ্যায়, প্রাণ বাঁচাতে মেট্রোয় নিয়ে যাওয়া হলো লিভার!

শশীর মতে, ভারতীয় কূটনীতিতে ভারসাম্য বজায় রাখাই এখন মূল চ্যালেঞ্জ। তিনি বলেন, “আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত মূল্যবান। ট্রাম্পের শুল্ক নীতির ফলে ভারতের যে ক্ষতি হচ্ছে, তা পুষিয়ে নিতে বিকল্প কৌশল নেওয়া দরকার।” তাঁর এই অবস্থান স্পষ্টভাবে কংগ্রেসের রাজনৈতিক ভাষ্যের বাইরে চলে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles