নির্বাচনের মরসুম এখনও বেশ খানিকটা দূরে, তবে তার আগেই রাজ্যের ভোটার তালিকাকে ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। সাম্প্রতিক কিছু রাজনৈতিক মন্তব্য এবং অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত বঙ্গ রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার সরাসরি রাজ্যের ভোটার তালিকাকে অবৈধ ও বিপজ্জনক বলে আখ্যা দিলেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে এক কোটি ‘ভুয়ো ভোটার’ তালিকাভুক্ত, যা গণতন্ত্রের পক্ষে গভীর উদ্বেগের।
শনিবার হাওড়ায় সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বলেন, “বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম রয়েছে রাজ্যের ভোটার তালিকায়। এছাড়াও, মৃত ভোটার ও ডুপ্লিকেট নামযুক্ত ব্যক্তিদের নাম রয়েছে এই তালিকায়।” বিরোধী দলনেতার দাবি, বিহারে যেমন ভোটার তালিকার বিশেষ যাচাই প্রকল্প SIR (Special Investigation on Rolls) শুরু হয়েছে, তেমনই বাংলাতেও একই পদ্ধতিতে তালিকা পুনর্বিবেচনা হওয়া একান্ত প্রয়োজন।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়ে শুভেন্দু বলেন, “আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, তালিকায় থাকা অবৈধ নাম অবিলম্বে বাদ দেওয়া হোক। রোহিঙ্গা, বাংলাদেশি, মৃত ও জাল ভোটারদের নাম ভোটার তালিকায় থাকা মানে গণতন্ত্রকে সরাসরি আঘাত করা।” তাঁর মতে, এই তালিকা তৃণমূলের ভোটব্যাংক রক্ষার একটি কৌশল।
রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্যও শুভেন্দুর বক্তব্যকে সমর্থন করে বলেন, “বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তৃণমূল তাদের ভোটব্যাংক সুরক্ষিত রাখতে চাইছে। বারাসাত থেকে মধ্যমগ্রাম পর্যন্ত জাল ভোটার কার্ড ইস্যু হয়েছে স্থানীয় নেতৃত্বের প্রত্যক্ষ মদতে।” তাঁর অভিযোগ, বুথ লেভেল অফিসারদের (BLO) হুমকি দিয়ে জাল নাম তোলা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন এই অভিযোগের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি এখনও।
আরও পড়ুনঃ Congress Rift: ‘উনি বলছেন ওঁর কারণ আছে’, রাহুলকে নিশানা না করেই কটাক্ষ শশীর! দলেই কি ভাঙনের সুর?
এই সময়েই বিহারে SIR প্রকল্প নিয়ে কেন্দ্রীয় এনডিএ সরকার ও বিরোধী INDIA জোটের মধ্যে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক সংঘর্ষ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেছেন, “ভোট চুরির ব্যাপারে আমাদের কাছে প্রমাণ রয়েছে। নির্বাচন কমিশন সরাসরি বিজেপির হয়ে কাজ করছে।” যদিও ECI এই অভিযোগকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে এবং ভোটারদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে। সব মিলিয়ে, বাংলার ভোটার তালিকা এখন শুধু রাজ্য নয়, জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।





