কে বলেছে সত্যিকারের ভালোবাসা আজকাল দেখা যায় না?দেশের বীর পুত্র ক্যাপ্টেন বিক্রম বাত্রা এবং তার প্রেমিকা ডিম্পল চিমার বাস্তব প্রেমকাহিনীই তো সত্যিকারের ভালবাসার উপর আবার বিশ্বাস ফিরিয়ে দিচ্ছে। তাঁর সঙ্গে দেখা করে কেঁদে ফেলেছিলেন কিয়ারা আডবানি। সেই অভিজ্ঞতাই তিনি ভাগ করে নিলেন সংবাদমাধ্যমের সঙ্গে।
সম্প্রতি মুক্তি পেয়েছে শহিদ ভারতীয় জওয়ান ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিক। পরিচালনায় ছিলেন বিষ্ণু বর্ধন। বিক্রম বাত্রার ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে বিক্রম বাত্রার বাগদত্তার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আডবানি। চরিত্র ছোটো হলেও তার গুরুত্ব রয়েছে এই ছবিতে। সকলের নজর কেড়েছে ডিম্পল চিমার চরিত্রটি। সঙ্গে কিয়ারা আডবানির অভিনয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ডিম্পল চিমা নিজে।
বিশ্ববিদ্যালয় থেকে প্রেম শুরু বিক্রম আর ডিম্পল চিমারের। বিয়ের তারিখ পর্যন্ত পাকা হয়ে গিয়েছিল দুজনের। কিন্তু আচমকাই কার্গিলের যুদ্ধ চিরকালের জন্য ডিম্পল চিমার জীবন থেকে কেড়ে নেয় তাঁর মনের মানুষকে। গত ২২ বছর অবিবাহিত রয়েছেন ডিম্পল। বিক্রম বাত্রার বাবা-মার প্রচেষ্টাও টলাতে পারেনি তাঁর সিদ্ধান্তকে। ২৪ বছর বয়সে কার্গিল যুদ্ধে অসীম সাহসিকতা দেখিয়েছেন বিক্রম বাত্রা। পাশাপাশি ‘শেরশাহ’র একটা বড় অংশ জুড়ে রয়েছে বিক্রম বাত্রার প্রেম কাহিনী।
ছবির পর একটি সাক্ষাৎকারে অভিনেত্রী কিয়ারা আডবানি জানিয়েছেন, ছবির প্রত্যেকটি গান ডিম্পল চিমার মন ছুঁয়ে গিয়েছে। অভিনেত্রী জানান, ‘আমি ওঁনাকে মেসেজ করেছিলাম ছবি মুক্তির পরে, এই ছবিটা ওঁনার জন্য এক ভীষণ আবেগপ্রবণ যাত্রা। ওঁনার গোপনীয়তাকে আমি সম্মান জানাই। যখন আমি বিক্রম বাত্রার পরিবারের সঙ্গে দেখা করি, ওঁনারা বলেন আমি একদমই ডিম্পলের মত। এই কথাটা শুনে চোখে জল চলে এসেছিল। আমি জানি এই ছবির গান ওঁনার মন ছুঁয়েছে। আমি নিশ্চিত উনি গর্বিত যে কাহিনীটা মানুষের সঙ্গে আমরা শেয়ার করেছি’।
নিজের চরিত্রকে ভালোভাবে বুঝতে ছবির প্রস্তুতির সময় ডিম্পল চিমার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কিয়ারা। তিনি জানালেন, ‘উনি নিজের জন্যই জীবনটা বেছে নিয়েছেন এবং এটা ভেবেই খুশি রয়েছেন বিক্রম ওঁনার আশেপাশেই রয়েছে। ওঁনার স্মৃতিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রা আজও বেঁচে রয়েছেন। একটা সময় আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম, অনেক বছর কেটে গেল। উনি পাল্টা বললেন, ‘সেটা জরুরি নয়, আমি ওর ওপর একটু রেগে আছি এটা ঠিক, কিন্তু দেখা যেদিন হবে সেদিন সব মনোমালিন্য মিটিয়ে নেব’। ঠিক একদিন দেখা হবে বিক্রম-ডিম্পেলের।

ডিম্পল চিমার কথায় আবেগতাড়িত হয়ে পড়েছিলেন অভিনেত্রী কিয়ারা আডবানি। সঙ্গে অবাকও হয়েছেন অভিনেত্রী। ডিম্পল চিমার মনের জোর আর সাহস তাঁকে আপ্লুত করেছে। সঙ্গে শহিদ জওয়ান ক্যাপ্টেন বিক্রম বাত্রার প্রতি তাঁর ভালোবাসাকে সম্মান জানিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডবানি।





