এ যেন একুশে আইন! তবে না শিবঠাকুরের আপন দেশে না, এ হল শিবসেনার আপন রাজ্য মহারাষ্ট্রে। যেখানে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Udhhav Thackeray) একটি কার্টুন (Cartoon) আঁকায় এক ব্যক্তিকে প্রকাশ্যে চড় থাপ্পড় মারা হল, তারপর ইলেকট্রিক রেজার দিয়ে তার মাথাটা খাবলা খাবলা করে নেড়া করে দেওয়া হল! বাদ গেলোনা ভ্রূও! তারপর চলল আরেকপ্রস্থ শাসানি। গোটা ঘটনাটা ঘটলো ভরা বাজারে শ’খানেক লোকের উপস্থিতিতে। মহারাষ্ট্রে শিবসেনার (Shivsena) এ হেন খাপ পঞ্চায়েতি আচরণের ভিডিও দেখে হতবাক গোটা দেশ! ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ।
ভিডিওটি প্রকাশ্যে এনেছেন বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি অনুপম হাজরা (Anupam Hazra)। ক্যাপশনে তিনি লিখেছেন, “শিবসেনার আস্ফালনের সঙ্গে তৃণমূলের (TMC) গতিবিধির অনেক মিল, পতন আসন্ন।”
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে এখানে তৃণমূলের ভূমিকা কোথায়? এরজন্যে তাহলে আপনাকে পিছিয়ে যেতে হবে কয়েকটা বছর। তখন ২০১২ সাল, এপ্রিল মাসের এক রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্টুন আঁকার জন্য গ্রেফতার করা হয়েছিল! তার বন্ধু সুব্রত সেনগুপ্তকেও একই কারণে গ্রেফতার করা হয়েছিল।
সেই ঘটনা নিয়ে যথেষ্ট তোলপাড় পড়েছিল রাজ্যে। বাকস্বাধীনতা থেকে মানবাধিকার, সবকিছুই লঙ্ঘনের অভিযোগ উঠেছিল মমতা সরকারের বিরুদ্ধে। শেষ পর্যন্ত উচ্চ আদালতে মুখও পুড়েছিল তৃণমূল সরকারের। এই দুই সম্মানীয় ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বলায় তা অগ্রাহ্য করেছিল তৃণমূল সরকার। এরপর আদালত অবমাননার জন্য প্রত্যেককে ৭৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিল মমতার সরকার!
সেরকমই অনুপম বাবু মনে করছেন যে শিবসেনারও সেই অবস্থাই হয়েছে। তিনি উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য ঠাকরেকে সরাসরি সুশান্ত সিং রাজপুত এর হত্যার ষড়যন্ত্রী বলে উল্লেখ করেছেন। যেভাবে তৃণমূল অম্বিকেশ বাবুর মানবাধিকার লঙ্ঘন করেছিল সেরকমই শিবসেনা এই কার্টুন আঁকিয়ে ব্যক্তির মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মত ডঃ হাজরার। মহারাষ্ট্রে যে শিবসেনা সরকারের পতন অনিবার্য এ নিয়ে কোন সন্দেহের অবকাশ রাখছেন না প্রাক্তন সাংসদ ডঃ অনুপম হাজরা।
**এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭**





