‘ভূমি পুজো’-র জন্য এলাহি আয়োজনে অযোধ্যা! প্রথম ইটটি স্থাপন করবেন প্রধানমন্ত্রী!

করোনা পরিস্থিতিতেই এলাহি আয়োজন অযোধ‍্যায়। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীসহ দেশের অনেক তাবড় ব্যক্তিত্ব। সমস্ত গ্রহ, তিথি, নক্ষত্র মেনেই আগামী ৫ই অগাস্টই অনুষ্ঠিত হতে চলেছে অযোধ্যায় রাম মন্দিরের ‘ভূমি পুজো’-র অনুষ্ঠান। তবে ৩রা অগাস্ট থেকে শুরু হবে পুজো ঘিরে বিভিন্ন আচার অনুষ্ঠান। ভূমি পুজোর প্রথম ইটটি স্থাপন করবেন প্রধানমন্ত্রী বলেই খবর।

বর্তমান সময়ে দাঁড়িয়ে জমায়েত করা মানেই মূর্খের কাজ করা। দেশে বেড়েচলা করোনা সংক্রমণের আবহে তাই জমায়েত একেবারেই নিষিদ্ধ। তবে রাম মন্দিরের ভূমি পুজোয় সেইসব নিষেধাজ্ঞা উড়িয়ে ওই দিন অযোধ্যায় জমায়েত হতে পারেন ২৫০ অতিথি। প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ, রাজনাথ সিং ও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এছাড়াও আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজনও থাকতে পারেন অনুষ্ঠানে।

কাশী ও বারাণসীর কয়েকজন পুরোহিত ওই ভূমিপুজো পরিচালনা করবেন। ৩রা অগাস্ট থেকে বিভিন্ন আচার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ৪ ঠা অগাস্ট হবে রামাচার্য পুজো। ৫ই অগাস্ট দুপুর বারোটা বেজে তেরো মিনিটে হবে ভূমি পুজোর মূল অনুষ্ঠান। এমনটাই জানিয়েছেন মন্দির ট্রাস্টের প্রধান মহন্ত নিত্যগোপাল দাস।

খবর মিলেছে, ভূমি পুজোর সময়ে গর্ভগৃহে স্থাপন করা হবে ৫টি রুপোর ইট। এর প্রথমটি স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিষ্ণু মন্দিরের আদলেই তৈরি হচ্ছে রাম মন্দির। আগেকার নকশা বাতিল করে নতুন নকশায় মন্দিরের আকার আয়তন বাড়ানো হয়েছে। মন্দিরের গম্বুজের সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫টি করা হয়েছে। মন্দিরের আয়তন হতে পারে প্রায় আশি হাজার বর্গফুট।

RELATED Articles

Leave a Comment