দেশে করোনা ধীরে ধীরে বাড়ছে। বিশ্বে এই ভাইরাস অতিমারির আকার ধারণ করেছে বহু আগেই, গোটা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ। মারা গিয়েছেন ৬৯ হাজার। পরবর্তী কালে এই ভাইরাস কী রূপ ধারণ করবে কেউ বুঝতে পারছে না। কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। বিশ্বজুড়ে চলছে লকডাউন। ভারতে লকডাউন চলছে ২৪শে মার্চ থেকে। তা চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত।
সূত্র মারফত জানা গিয়েছে, লকডাউনের শেষ দিনে পরিস্থিতি পর্যালোচনা করবে কেন্দ্রীয় সরকার। করোনা হটস্পটগুলিতে বাড়তে পারে লক ডাউনের মেয়াদ। যেখানে করোনা সংক্রমণ বেশি হয়েছে, সেই জায়গাগুলোতে লকডাউন তোলা হবে না।
কয়েক ঘণ্টার জন্য লকডাউন শিথিল হতে পারে কিছু স্থানে, যে স্থানে করোনা সংক্রমণ অপেক্ষাকৃত অনেক কম, সেই অঞ্চলে কয়েক ঘন্টার জন্য লকডাউন শিথিল হতে পারে।
পাশাপাশি কিছু কেন্দ্রীয় সরকারি ক্ষেত্রে কয়েকজন করে কর্মীকে কাজে যোগ দিতে বলা হতে পারে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।
সকল বিপদ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে ভারত। এইজন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে রাজি কেন্দ্রীয় সরকার।
ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৬৭। মারা গিয়েছেন ১০৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৯২ জন। এই অবস্থায় সরকার থেকে কড়াভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে। যেহেতু এখনও করোনাকে আটকাতে কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, সামাজিক দূরত্ব ও ঘরে থাকাই এই রোগের বর্তমান ওষুধ।






