ভারতবাসীর সাথে লন্ডনের বাড়িতে আলো নিভিয়ে প্রদীপ জ্বালালেন অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায়

দেশজুড়ে করোনা প্রতিরোধে একজোট হয়ে লড়ছে সাধারণ মানুষ। করোনা দেশের চার হাজার সাতষট্টি জন মানুষের শরীরে ইতিমধ্যেই আঘাত হেনেছে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬৫ ছাড়িয়েছে। দেশজুড়ে মৃত্যু হয়েছে ১০৯ জনের। কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকার, করোনার বিরুদ্ধে লড়াই করছে সবাই। গত ২২শে মার্চ করোনার বিরুদ্ধে জনতা কার্ফুর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘন্টা ও থালা বাজিয়ে, করতালির মাধ্যমে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জ্ঞাপনের অনুরোধ জানিয়েছিলেন। মানুষ তাঁর সেই আহ্বানে সাড়াও দিয়েছিল। রবিবার ৫ই এপ্রিল রাত ন’টায় মোমবাতি জ্বালিয়ে দেশকে ঐক্যবদ্ধ হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী। রবিবার দেশবাসীকে ঘরের সকল আলো নিভিয়ে ব্যালকনি বা ঘরের দরজায় দাঁড়িয়ে ন’মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ, টর্চ এমনকি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতে বলেছিলেন মোদী।

ভারতবাসীর সাথে লন্ডনের বাড়িতে আলো নিভিয়ে প্রদীপ জ্বালালেন অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায়

এই উদ্যোগে এবার দেশের বাইরে থাকা ভারতীয়রাও সামিল হলেন। বাঙালি অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায় রবিবার রাত ন’টায় তাঁর লন্ডনের বাড়ির সমস্ত আলো নিভিয়ে জ্বালালেন প্রদীপ। তিনি লন্ডনের সময় অনুযায়ী রাত নয়টায় প্রদীপ জ্বালালেন।

অভিনেত্রী পিয়ালি আমাদের প্রতিনিধিকে জানান যে, “আমাদের করোনার এই অন্ধকার থেকে আলোতে ফিরতেই হবে। এই কারণেই আমি সুদূর লন্ডনে থেকেও এই ঘটনার সাক্ষী রইলাম।” তিনি আরও বলেন যে, “ভারতে না থেকেও বিশ্বের প্রতিটা প্রান্তের ভারতীয়রা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ, সেটা বিশ্ববাসী আরও একবার দেখল।” এরসাথে ফানুস ও আতসবাজী ফাটানোর সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন যে, “আমি একটা কথাই বুঝলাম না যে এই বিপদের দিনে আতসবাজী ফাটিয়ে কিছু লোক যে দীপাবলি পালন করল, তারা কলকাতায় এই আতসবাজী পেল কোথা থেকে?”

প্রসঙ্গত, এর আগেও ২২শে মার্চ তিনি লন্ডনে থেকে করতালির মাধ্যমে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। এবারও প্রদীপ জ্বালিয়ে করোনার বিরুদ্ধে ভারতীয়দের লড়াইয়ে সামিল হলেন তিনি।

RELATED Articles

Leave a Comment