পাবজি খেলার জন্য একটু বকাবকি করেছিলেন মা। বারণ করেছিলেন পাবজি খেলতে। সেই কারণে ঘুমন্ত মায়ের মাথায় গুলি করে খুন করল বছর ১৬-এর ছেলে। খুনের ২দিন পর্যন্ত মৃতদেহ বাড়িতেই লুকিয়ে রাখে ওই কিশোর। মৃতদেহ থেকে যাতে দুর্গন্ধ না বের হয়, তার জন্য ঘরে বারবার ব্যবহার করে এয়ার ফ্রেশনার।
এমন এক ভয়াবহ ঘটনা ঘটে উত্তরপ্রদেশের লখনউতে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই কিশোর সেনাকর্মীর ছেলে। বাবার সার্ভিস রিভলভার দিয়েই মাকে খুন করেছে সে। তার মায়ের নাম সাধনা। বয়স ৪০ বছর।
গত রবিবার নিজের ছেলের হাতেই খুন হন সাধনা। এরপর থেকে বাড়ির মধ্যেই মায়ের নিথর দেহ লুকিয়ে রেখেছিল ছেলে। এমনকি খুনের কথা যাতে বাইরে কাউকে না বলে, সেইজন্য ৯ বছরের বোনকেও শাসাতে থাকে ওই কিশোর।
সূত্রের খবর, ওই কিশোর মোবাইল গেমে আসক্ত। সারাদিন মোবাইলে পাবজি খেলত সে। এই নিয়ে আগেও মায়ের কাছে বেশ বকা খেয়েছে ওই কিশোর। ঘটনার দিনও তার মা এই নিয়ে বকাঝকা করেন তাঁকে। পাবজি খেলতে বাধা দেন। তাকে টাকা দিতেও চান নি বলে খবর। পুলিশের অনুমান, সেই আক্রোশ থেকেই মা-কে খুন করেছে ওই কিশোর।
খুনের পর নিজের কুকর্ম লুকোতেও বেশ চেষ্টা করেছে সে। দুর্গন্ধ আটকানোর জন্য ঘরে বারবার এয়ার ফ্রেশনার ব্যবহার করেছে। কিন্তু গত মঙ্গলবার প্রচণ্ড গন্ধ বেরোতে শুরু করলে, এক প্রতিবেশী পশ্চিমবঙ্গে কর্মরত ওই সেনাকর্মীকে ফোন করে সব কথা জানান। ওই সেনাকর্মী পুলিশে খবর দিলে, পুলিশ এসে ঘর থেকে মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করে।
তবে এরপরও নিজের অপরাধ মানতে চায় নি ওই কিশোর। বাবার কাছে সে দাবী করে যে একজন ইলেকট্রিকের মিস্ত্রি এসেছিলেন, সেই তার মা-কে খুন করেছে। পুলিশকেও বিভ্রান্ত করার চেষ্টা করে কিশোর। তবে শেষ পর্যন্ত সামনে আসে সব সত্যি। আর পুলিশের জেরার মুখে পড়ে নিজের অপরাধ স্বীকার করে নেয় ওই কিশোর।






