ভারত-চীন সীমান্তে বিবাদের জন্য দায়ী নরেন্দ্র মোদী, সাফ বক্তব্য সোনিয়ার

পুত্রের পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খুললেন মা। ভারত ও চীন সীমান্তে বিবাদের জন্য এবার কেন্দ্রের অব্যবস্থা এবং ভ্রান্ত নীতিকে দায়ী করলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। শুধু তাই নয়, দেশে করোনা ভাইরাস অতিমারিও নাকি প্রধানমন্ত্রীর কারণেই হয়েছে বলে দাবি করেছেন সোনিয়া।

মঙ্গলবার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানান, গত ১৫ জুন গালওয়ানে মৃত কর্নেল বি সন্তোষ বাবু-সহ ২০ জন ভারতীয় জওয়ানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। বৈঠক শুরুর আগে কমিটির সব সদস্যরা দু’মিনিট নীরবতা পালন করেছেন।

এরপর বৈঠক শুরু হয় এবং শুরুর সময় থেকেই মোদী সরকারের বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ করা শুরু করেন সোনিয়া গান্ধী। লাদাখে ভারত-চীন সীমান্তে বিবাদ নিয়ে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি বলেন, “নিজেদের স্বভাব মতো সরকার অস্বীকার করে যাচ্ছে। গত ৫ই মে অনুপ্রবেশ নজরে এসেছিল এবং সেই খবর দেওয়া হয়েছিল। সমাধানের পরিবর্তে পরিস্থিতির ক্রমশ অবনতি হল এবং ১৫-১৬ জুন সংঘর্ষ হল। ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হলেন, ৮৫ জন আহত হলেন এবং ১০ জন নিখোঁজ ছিলেন যতক্ষণ না তাঁরা ফিরে এলেন। অথচ প্রধানমন্ত্রী বললেন, লাদাখে ভারতীয় ভূখণ্ডে কেউ অনুপ্রবেশ করেননি।”

কংগ্রেস দাবি করেছে যে দেশের প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশমন্ত্রী চীনা সেনার অনুপ্রবেশ নিয়ে যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী সম্পূর্ণ তার উল্টো বক্তব্য রেখেছেন। তিনি বলেন, “চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখা এখন পুরোদমে সংকটে রয়েছে। ভবিষ্যতে কী হবে, তা এখনও প্রকাশ পায়নি। কিন্তু আমাদের আশা, ভারতের ভূখণ্ড অখণ্ডতা সুরক্ষিত রাখতে সরকারের পদক্ষেপকে পরিণত কূটনীতি এবং সিদ্ধান্ত গ্রহণকারী নেতৃত্ব এগিয়ে নিয়ে যাবে।” যদিও সোনিয়া একথা জানিয়েছেন যে তারা এই বিষয়ে সরকারকে সব রকম ভাবে সহায়তা করতে প্রস্তুত।

RELATED Articles

Leave a Comment