নিজেদের খামতি কোনোকালেই স্বীকার করে না চীন। স্বাভাবিকভাবেই লাদাখের গালওয়ান উপতক্যায় কমপক্ষে ৪০ জন সেনার হতাহতের খবর নিশ্চিত ভাবে ভুয়ো দাবি করেছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান। তাহলে সত্যিটা কী? সেই জবাবটা আর দেননি তিনি।
গত ১৫ জুন গালওয়ানে পিপলস লিবারেশন আর্মির হতাহতের সংখ্যা নিয়ে একটি নির্দিষ্ট প্রশ্নের জবাবে তিনি বলেন যে আপনারা যারা সংবাদমাধ্যমে দেখছেন বা অনেকে যেরকম দাবি করছেন যে চীনের হতাহতের সংখ্যা ৪০ আমরা সেটা নিশ্চিত করে বলছি যে এটা ভুয়ো খবর। যদিও স্বভাববশতই সত্যি খবরটা কী সেটা তিনি প্রকাশ করেননি।
মলডোর ম্যারাথন বৈঠক নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে কূটনৈতিক এবং সামরিক স্তরে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত ও চীন দুই পক্ষ। গত ৬ই জুন চীন ও ভারতের মধ্যে প্রথম পর্যায়ের সামরিক বৈঠক হয়। এই বৈঠকে ঐক্যমতের ভিত্তিতে বর্তমান সীমান্ত পরিস্থিতি নিয়ে দু’পক্ষ খোলামেলা এবং গভীরভাবে মতামত আদানপ্রদান করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়। কিন্তু এই সিদ্ধান্ত লঙ্ঘন করে চীন। শুরু হয় গালওয়ান সংঘর্ষ। যে সংঘর্ষ চীনের পূর্ব পরিকল্পিত বলে আগেই জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাতে সিলমোহর দিয়েছেন মার্কিন গোয়েন্দারাও।





