যত দিন যাচ্ছে ততই দেশে করোনা প্রকোপ বাড়ছে। ইতিমধ্যেই ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়েছে। বাংলায় এই সংখ্যাটা হয়তো আর কিছুদিনের মধ্যেই এক লক্ষে পৌঁছে যাবে। এরইমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে করোনা রোগীরা ন্যূনতম স্বাস্থ্য পরিষেবাটুকু পাচ্ছেন না। হাসপাতালের পর হাসপাতাল ঘুরে বেড মিলছে না করোনা রোগীদের। কলকাতা শহরে বেডের অভাবে প্রায়ই মারা যাচ্ছেন কেউ না কেউ সেখানে জেলার অবস্থা কী তা সহজেই অনুমেয় বলছে বিরোধী শিবির। এবার তাই বাংলার বেহাল স্বাস্থ্য দশা নিয়ে অভিযোগ জানাতে ও আলোচনা করতে নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডাঃ হর্ষবর্ধনের সঙ্গে সাক্ষাৎ করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।

আজ শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধনের বাসভবনে দেখা করতে যান সৌমিত্র বাবু। কয়েক ঘণ্টার বার্তালাপে তাঁদের মধ্যে বাংলার করুণ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সৌমিত্র খাঁ এই সম্পর্কিত একটি অভিযোগপত্রও জমা দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে। রাজ্যে যত দিন যাচ্ছে স্বাস্থ্যব্যবস্থা ততো ভেঙে পড়ছে বলে জানান সৌমিত্র বাবু। কিন্তু শাসক শিবিরের এই নিয়ে কোনো হেলদোল নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব নিয়েছেন কিন্তু তিনি তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না বলে অভিযোগ জানিয়েছেন সৌমিত্র খাঁ।
https://twitter.com/KhanSaumitra/status/1289535877731872768?s=20
রাজ্যে করোনা রোগীদের সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার করা হচ্ছে, তাঁরা বেড পাচ্ছেন না অথচ বিভিন্ন হাসপাতালে কোয়ারেন্টাইন বেডের সংখ্যা প্রচুর বলে দেখানো হচ্ছে। রাজ্যে ঠিক মতো করোনা টেস্ট হচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর জীবন সংকটে বলে মনে করছেন বিষ্ণুপুরের সংসদ। তাই এই ব্যাপারে কেন্দ্রীয় হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। সেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সম্পর্কে যেমন স্বরাষ্ট্রমন্ত্রীকে অবগত করেছিলেন সৌমিত্র বাবু সেরকমই রাজ্যের স্বাস্থ্য পরিষেবার করুণ পরিস্থিতি নিয়েও অভিযোগ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।





