যাত্রীদের দুর্ভোগ যে বেশ চরমে উঠতে চলেছে, তা বোঝাই যাচ্ছে। আগামী ৩১শে মে দেশজুড়ে ট্রেন ধর্মঘটের ডাক দিলেন গোটা দেশের স্টেশন মাস্টাররা। কেন্দ্রীয় রেল মন্ত্রক যদি এখনই কোনও ব্যবস্থা না নেয়, তাহলে দেশবাসী বেশ সমস্যার মুখে পড়বে।
আগামী ৩১শে মে গোটা দেশে বন্ধ থাকবে ট্রেন চলাচল। দেশজুড়ে ট্রেন ধর্মঘটের ডাক স্টেশন মাস্টারদের। রেলওয়ের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলে রেলকে একযোগে নোটিশ পাঠাল দেশের ৩৫ হাজারেরও বেশি স্টেশন মাস্টাররা। সেই নোটিশে দেশজুড়ে ট্রেন ধর্মঘটের কথা স্পষ্টভাবে জানানো হয়েছে।
সর্বভারতীয় স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ধনঞ্জয় চন্দ্রত্রে এই বিষয়ে জানান, “সরকার স্টেশন মাস্টারদের কোনও দাবিই শুনছে না। সারা দেশে ৬ হাজারেরও বেশি স্টেশন মাস্টার পদ শূন্য পড়ে রয়েছে। এই পদগুলিতে নিয়োগ করছে না রেলওয়ে। বর্তমানে দেশের প্রায় অর্ধেক স্টেশনেই মাত্র ২ জন করে স্টেশন মাস্টার রয়েছেন। যা ভয়াবহ সমস্যার সৃষ্টি করছে। স্টেশন মাস্টারদের কাজের শিফট ৮ ঘন্টার হলেও এই কর্মী ঘাটতির জন্য ১২ ঘন্টা করে কাজ করতে হচ্ছে তাঁদের”।
তিনি আরও জানান, “কোনওদিন একজন স্টেশন মাস্টার ছুটি নিলে অন্য স্টেশন থেকে কর্মীদের ডাকতে হচ্ছে কোনও মতে কাজ সামাল দেওয়ার জন্য। নির্দিষ্ট কাজের অনেক বেশি কাজ করানো হচ্ছে স্টেশন মাস্টারদের দিয়ে। অবিলম্বে স্টেশন মাস্টার পদে নিয়োগ করতে হবে সরকারকে। না হলে একযোগে ধর্মঘটের ডাক দিতেই বাধ্য হবেন সবাই”। ধনঞ্জয় জানিয়েছেন যে স্টেশন মাস্টারদের এই দাবীর তালিকা ইতিমধ্যেই রেলওয়ে বোর্ডের সিইওর কাছে পাঠানো হয়েছে।
স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন যে এই ধর্মঘটের সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। বহু বছর ধরে অনেক চেষ্টা করেছেন তারা। অনেক দাবী জানিয়েছেন, কিন্তু তাও কোনও লাভ হয়নি। এই কারণেই ধর্মঘটের পথ তারা বেছে নিয়েছেন। এর আগেও ২০২০ সালে নিজেদের নানান দাবী নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্টেশন মাস্টাররা।
কিন্তু দু’বছর কেটে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। এই কারণে এবার আগামী ৩১শে মে দেশজুড়ে ট্রেন ধর্মঘটের ডাক দিলেন স্টেশন মাস্টাররা। রেল যদি এই বিষয়ে তৎক্ষণাৎ কোনও পদক্ষেপ না নেয়, তাহলে চরম দুর্ভোগ পোহাতে হবে যাত্রীদের।





