দমলো বিরোধীদের সুর! মোদী ক্যাবিনেটের মুখে হাসি ফুটিয়ে নয়া সংসদ ভবন নির্মাণের পক্ষেই রায় সুপ্রিম কোর্টের

শেষমেষ জয় সুপ্রিম কোর্টে! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বস্তি বাড়িয়ে বিরোধীদের দাবি উড়িয়ে নতুন সংসদ ভবন নির্মাণের পক্ষেই রায় দিল দেশের সর্বোচ্চ আদালত।
গতকাল অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘সেন্ট্রাল ভিসটা প্রজেক্ট’-কে সবুজ সংকেত দেয় সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম থেকেই নয়া সংসদ ভবনের নির্মাণের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি।
তাঁদের প্রধান প্রশ্ন ছিল করোনা সংকটের মধ্যে নয়া সাংসদ ভবন নির্মাণ কতটা জরুরি এবং যুক্তিসঙ্গত। এহেন বিপুল নির্মাণে পরিবেশ দূষণ ও জমির ব্যবহারে পরিবর্তনের বিষয়টিও উঠে আসে। প্রধানমন্ত্রী সিদ্ধান্তের বিরোধিতা করে মামলা গড়ায় দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত।
গতকাল সেই মামলার রায়দান হয়।
তবে তিন সদস্যের বেঞ্চে বাকি দুই বিচারপতির সঙ্গে একমত হতে পারেননি বিচারপতি সঞ্জীব খান্না। পরিবেশ সংক্রান্ত বিষয়ে ছাড়পত্র দেওয়ার বিষয়ে তাঁর আপত্তি রয়েছে। এদিকে, নয়া নির্মাণে ছাড়পত্র দিলেও বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে সুপ্রিম কোর্ট। নির্মাণস্থলে দূষণ রোধে অ্যান্টি-স্মোগ গান ও স্মোগ টাওয়ার বসানোর নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০র ডিসেম্বরে নয়া সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ২০২২ সালের মধ্যে নতুন সংসদ নির্মাণের কাজ শেষ করার লক্ষ্যমাত্র নিয়ে এগোচ্ছে মোদী সরকার। নতুন ভবন তৈরি হলে লোকসভায় বসতে পারবেন একসঙ্গে ৮৮৮ জন সদস্য। রাজ্যসভায় বসতে পারবেন ৩৮৪ জন সদস্য। আগামিদিনে সংসদের দুই কক্ষে সদস্য সংখ্যা বাড়ানোর জন্যই এমন বন্দোবস্ত বলে মনে করা হচ্ছে। নতুন সংসদ ভবন তৈরির জন্য দরপত্র আগেই ডাকা হয়েছিল। দরপত্র দিয়েছিল লারসেন অ্যান্ড টুবরো, সাপুরজি-সহ মোট সাতটি বৃহৎ সংস্থা। কিন্তু তবে সবচেয়ে কম দর হেঁকে বরাত পেয়েছে টাটা গোষ্ঠী। সংসদের ভিতরে থাকবে আত্মনির্ভর ভারতের মন্দির।যেখানে বিবিধের মাঝে মিলনের উদাহরণ তুলে ধরা হবে।
ভবন তৈরির জন্য সর্বোচ্চ খরচ ধরা হয়েছে ৯৭১ কোটি টাকা।

RELATED Articles