অতিমারির পরিস্থিতিতেই মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা হওয়া নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় গোটা দেশে। কিন্তু সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত কেন্দ্রের নির্দেশ অনুযায়ী গত ১৩ই সেপ্টেম্বর নেওয়া হয়েছিল নেট পরীক্ষা। কিন্তু করোনা পরিস্থিতির জেরে অনেকেই সেইসময় পরীক্ষায় বসতে পারেননি। তাই পরীক্ষার ফল প্রকাশের আগে ফের একবার ওই পরীক্ষার নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
করোনা সংক্রমণের জেরে যেসব পরীক্ষার্থীরা নেট পরীক্ষা দিতে পারেননি বা যেসব পরীক্ষার্থী কনটেন্টমেন্ট জোনে থাকার দরুন পরীক্ষা দিতে আসতে পারেননি, তারা ফের এক দফায় এই পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষা নেওয়া হবে ১৪ই অক্টোবর। নেট পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ১৬ই অক্টোবর।
এর আগে ন্যাশানাল টেস্টিং এজেন্সি বা এনটিএ জানিয়েছিল ২০২০ নেট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১২ই অক্টোবর কিন্তু আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন ফল প্রকাশ করা হবে ১৬ই অক্টোবর। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি এনটিএ।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের মধ্যে নেট পরীক্ষা নেওয়ার পিছতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ-সহ অ-বিজেপি রাজ্য। করোনা পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখার দাবীও ওঠে। দেশে বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন, এই কারণেও পরীক্ষার সূচী বদল করার আবেদন করা করেন পরীক্ষার্থীদের একাংশ। কিন্তু রাজস্থান, ঝাড়খণ্ড, পঞ্জাব, ছত্রিশগড়, মহারাষ্ট্রে সেই আবেদন খারিজ হয়। শেষ পর্যন্ত নিয়ম মাফিক ১৩ই সেপ্টেম্বর ১৫.৯৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসে। এরপরেই অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ ওঠে। এই পরিপ্রেক্ষিতেই সোমবার ফের একবার পরীক্ষা নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।





