করোনার পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে রাজ্য-সহ গোটা দেশে। এর মধ্যেই দরজায় কড়া নাড়ছে বাঙালীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। করোনা আবহেই উৎসবের আনন্দে মেটে উঠেছে বাঙালি।কিন্তু করোনার উদ্বেগ তো রয়েই যায়। করোনা পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা, সব নিয়েই চিন্তিত আমজনতা। তবে এই পরিস্থিতিতেও কিছুটা আশার বাণী শোনা গেল রাজ্যের মুখ্যসচিবের পক্ষ থেকে। এক ধাক্কায় অনেকটাই নামল করোনা পরীক্ষার খরচ।
এরপর থেকে মাত্র দেড় হাজার টাকায় বেসরকারি হাসপাতালে করা যাবে করোনার পরীক্ষা। পুজোর আগে করোনা আবহে সাধারণ মধ্যবিত্তের কাছে এটি খানিকটা স্বস্তির সুর। আগে বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার খরচ ছিল ২২৫০ টাকা কিন্তু এবার তা কমে দাঁড়াল ১৫০০ টাকায়। সোমবার ভার্চুয়াল বৈঠকে এমনটাই জানান রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় করোনা পরীক্ষার খরচ প্রায় ৭০০ টাকা কমে যাওয়ায় সামান্য স্বস্তির মুখ দেখল রাজ্যবাসী।
প্রসঙ্গত, এই করোনা পরিস্থিতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে বেশ অনেকগুলি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্য মন্ত্রীসভার পক্ষ থেকে। রাজ্য সরকারী উদ্যোগে এখন বিনামূল্যে করোনা পরীক্ষা করা যাচ্ছে। তবে বেসরকারি ক্ষেত্রে করোনা পরীক্ষার খরচ বেশ অনেকটাই ছিল। সেই ভার লাঘবের জন্যই করোনা পরীক্ষার খরচে রাশ টানল রাজ্য। তবে করোনা পরীক্ষার খরচ কমলেও কোনও আশানুরূপ ফল মেলেনি করোনা চিকিৎসার খরচের ব্যাপারে। দিনের পর দিন যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে রাজ্যে, সে ক্ষেত্রে সরকারী হাসপাতাল তো দূর হস্ত, বেসরকারি হাসপাতালেও বেড বাড়ন্ত হওয়ার সম্ভাবনা। তাই চিকিৎসক মহল থেকে বারবার রাজ্য সরকারের উদ্দেশে অনুরোধ জানানো হয়েছে কোনওভাবেই যাতে পুজোর মরশুমে করোনা স্বাস্থ্যবিধি শিথিল না করা হয়। সামাজিক দূরত্ব ও সমস্তরকম বিধিনিষেধ যাতে মেনে চলা হয়, এই নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে প্রশাসনকে।





