এবার থেকে রাজ্যের স্কুলগুলিতে দেওয়া হবে ব্রেকফাস্ট বা প্রাতঃরাশ। এমনটাই জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। গত বুধবার রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য নতুন এই প্রকল্পের কথা ঘোষণা করে জানিয়েছেন তিনি।
জানা গেছে, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য রক্ষার ও সচেতনতার উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধনে ছাত্রদের সঙ্গে কথোপকথনের সময় এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। তিনি পাঁচজন পড়ুয়ার সঙ্গে কথা বলে জানতে পারেন, তাদের মধ্যে দু’জন সকাল থেকে কিছু খাননি।
পড়ুয়ারা অনেকে জানিয়েছে, সকালে স্কুল আসার তাড়াতাড়িতে ব্রেকফাস্ট করা হয় না। তাই তামিলনাড়ুর সরকার স্কুলেই ব্রেকফাস্ট প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী স্ট্যালিন জানিয়েছেন, গতকাল এই প্রকল্প চালু করার জন্য সরকারি নথিতে আমি সই করেছি। আপনাদের মাধ্যমে তামিল নাড়ুর মানুষকে আমি এই সুখবর জানাতে চাই।’
কেন্দ্রীয় সরকারের সর্বশিক্ষা মিশনের আওতায় দেশের সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের মিড-ডে মিল দেওয়ার নিয়ম চালু রয়েছে। কিন্তু এই ব্রেকফাস্ট প্রকল্পে প্রান্তিক এলাকা স্কুলের ছাত্রছাত্রীরা উপকারিতা পাবে। তবে প্রশ্ন উঠছে, আমাদের রাজ্যে কবে চালু হবে এরকম প্রকল্প?





