সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে মুসলিম হওয়ার জেরে এক স্কুল ছাত্রকে চড় মারার নির্দেশ দিচ্ছেন শিক্ষিকা। এবার এক স্কুল ছাত্রকে মারায় এক শিক্ষকের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। জানা গিয়েছে, ক্লাসের মধ্যে ব্ল্যাকবোর্ডে ‘জয় শ্রী রাম’ লিখেছিল ওই ছাত্র। সেকথা জানার পরই ছাত্রকে মারধর করেন শিক্ষক।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কাঠুয়ার একটি স্কুলে। সূত্রের খবর, অভিযুক্ত শিক্ষক ওই স্কুলেরই প্রিন্সিপাল। তিনি জানতে পারেন, স্কুলেরই এক ছাত্র ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডের মধ্যে ‘জয় শ্রী রাম’ লিখেছে। স্কুলের ভিতরে এই বিষয়টি একেবারেই মানতে পারেননি ওই প্রিন্সিপাল। সেই ‘দোষ’-এই ছাত্রকে বেধড়ক মারধর করেন ওই শিক্ষক।
এই ঘটনায় তদন্তের জন্য কাঠুয়ার ডেপুটি কমিশনার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পরেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, ওই ছাত্র দশম শ্রেণীর পড়ুয়া। শিক্ষকের এরকম মারধরের চোটে গুরুতর আহত হয় সে। অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয় ওই ছাত্রকে। সেখানে চিকিৎসার পর চিকিৎসক তাকে জিজ্ঞাসা করলে, তখন আসল ঘটনা জানায় ওই পড়ুয়া।
এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। মুহূর্তে এই খবর ছড়িয়ে পড়ে সেখানে। স্কুল চত্বরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।
উত্তরপ্রদেশে কী ঘটেছে?
কিছুদিন আগেই উত্তরপ্রদেশের একটি বেসরকারি স্কুলে এক মুসলিম পড়ুয়াকে মারধর করা হয়। শিক্ষিকার নির্দেশে সহপাঠীরাই তাকে এসে এক এক করে চড় মারে। সেই শিক্ষিকাকে আরও বলতে শোনা গিয়েছিল, মুসলিম মহিলারা তাদের সন্তানদের পড়াশোনার দিকে খেয়াল রাখেন না। সেই জন্যই মুসলিম পড়ুয়াদের পড়াশোনার মান এত খারাপ। ওই গোটা ঘটনাটি ক্লাসরুমে বসেই এক যুবক রেকর্ড করেন আর তারপরই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে শোরগোল শুরু হয়েছে।





