শিক্ষক মানেই তো একজন গাইড, যিনি ছাত্রদের সঠিক পথে পরিচালনা করেন। আর ছাত্রদের কাজ? পড়াশোনায় মন দেওয়া, শিক্ষার ভিত মজবুত করা। কিন্তু যদি কোনওদিন এই নিয়মের বাইরে গিয়ে শিক্ষকরা মঞ্চে নাচেন আর ছাত্ররা হাতে ঝাঁটা নিয়ে মেঝে সাফ করে—তাহলে? চোখ কপালে উঠতেই পারে সাধারণ মানুষের।
আজকাল ভাইরাল ভিডিও আমাদের নিত্যদিনের সঙ্গী। কেউ হয়তো ট্রেনের ছাদে উঠে স্টান্ট দেখাচ্ছে, কেউ আবার অদ্ভুত সাজে নাচছে রাস্তায়। তবে এই ভিডিওটি আলাদা। কারণ, এখানে মজার কিছু নেই—বরং রয়েছে একরাশ প্রশ্ন, একটানা বিস্ময়। একটা সময় ছিল যখন শিক্ষক মানেই ছিলেন শ্রদ্ধার প্রতীক। কিন্তু বর্তমান যুগে কিছু ব্যতিক্রম যে সমাজে আস্থা টলিয়ে দিচ্ছে, সেটাই যেন ফুটে উঠেছে এই ভিডিওতে।
ভিডিওতে দেখা গিয়েছে, একদল শিক্ষক হাসিমুখে মঞ্চে নাচছেন। পেছনে বেজে চলেছে হিন্দি গানের তালে তালে বিট। আর ঠিক সেই মুহূর্তে স্কুলের ছাত্ররা কেউ ঝাঁট হাতে মেঝে পরিষ্কার করছে, তো কেউ আবার জল টেনে কার্পেট ধুচ্ছে। আশপাশে উপস্থিত আর কোনও শিক্ষক বা অভিভাবক নেই, যাঁরা এই দৃশ্য বন্ধ করার চেষ্টা করেছেন। বরং গোটা দৃশ্যটাই কেউ একজন ক্যামেরাবন্দি করে ফেলেছেন, যা এখন ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
ভিডিওটি সামনে আসতেই নড়েচড়ে বসেছে শিক্ষা দফতর। অনেকেই বলছেন, এটি কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতির সময় তোলা—তবে প্রশ্ন উঠছে, অনুষ্ঠানের প্রস্তুতি বলেই কি ছাত্রদের দিয়ে এমন পরিশ্রম করানো যায়? শিক্ষকেরা নাচছেন, আর ছাত্ররা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে—এই চিত্র আদৌ গ্রহণযোগ্য কি না, তা নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। স্কুল কতৃপক্ষ যদিও নিজেদের যুক্তি দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু নেটিজেনদের ক্ষোভ কমছে না কিছুতেই।
আরও পড়ুনঃ Bhagavad Gita : যা আগে কখনও হয়নি! একসঙ্গে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ভগবত গীতা ও নাট্যশাস্ত্র, ইতিহাস গড়ল ভারত
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাট জেলার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ বলেছেন, এটি শিক্ষার অপমান, কেউ বলেছেন শিশুদের প্রতি অবিচার। শিক্ষা দফতর ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে। আপাতত ভাইরাল ভিডিও ঘিরে উত্তাল গোটা এলাকাই।





