মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর নিয়ে উত্তেজনা তো ছিলই। তাঁর এই সফরে অনেক তারকাই ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন, এমন সম্ভাবনা বেশ ভালোরকমই ছিল। তবে এরকম একটা চমক যে অপেক্ষা করেছিল, তা হয়ত কেউ ভাবতে পারেনি।
আজ, শুক্রবার মমতার গোয়া সফরে তৃণমূলে যোগ দিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই দলীয় পতাকা তুলে নেন লিয়েন্ডার। এদিনের এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।
গতকাল, বৃহস্পতিবারই উত্তরবঙ্গের সফর শেষ করে গোয়ায় পৌঁছেছেন মমতা। তিনদিনের সফরে গোয়ায় গিয়েছেন তিনি। আজ, শুক্রবার সকালেই পানাজিতে গোয়ার তৃণমূল কর্মীদের সঙ্গে একটি সভা করেন তিনি। এই সভার পরই একাধিক তারকা যোগ দেন তৃণমূলে।
কোঙ্কণ উপকূলের এই রাজ্যে জমি শক্ত করতে উদ্যত ঘাসফুল শিবির। ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক অনেকদিন ধরেই সেই রাজ্যে সমীক্ষা চালাচ্ছে। গত সপ্তাহেই সে রাজ্যে সংগঠন মজবুত করতে পৌঁছেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও তৃণমূলের নয়া সদস্য বাবুল সুপ্রিয়। এর আগে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংরেস্ন নেতা লুইজিনহো ফালেইরো যোগ দিয়েছিলেন তৃণমূলে।





