ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত ৮টি কামরা, হতাহতের খবর নিয়ে কী জানাল রেল?

গত কয়েকমাসে একের পর এক ট্রেন দুর্ঘটনার জেরে আতঙ্ক বাড়ছে যাত্রীদের মধ্যে। আর এবার ফের ঘটল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনায় লাইনচ্যুত হয়ে গেল ৮টি কামরা। ভয়াবহ এই ঘটনায় আতঙ্কে সকলে। কতটা ক্ষয়ক্ষতি হল, যাত্রীদের কী অবস্থা, তা নিয়ে উদ্বেগ সকলের মধ্যে।

অসমে লাইনচ্যুত হয়েছে লোকমান্য-তিলক এক্সপ্রেস। লুমডিং ও বরদারপুর হিল স্টেশনের মাঝে দিবালং স্টেশনের কাছে এই রেল দুর্ঘটনা ঘটেছে বলে খবর। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার সকালে আগরতলা ছাড়ে মুম্বইগামী এই ট্রেন। বিকেল ৪টে নাগাদ দিবালং স্টেশনের কাছে পৌঁছয় সেটি।

সূত্রের খবর, সেই সময় লাইনচ্যুত হয় এই ট্রেন। রেল সূত্রে খবর, ট্রেনের ৮টি বগি লাইন থেকে ছিটকে গিয়েছে। এই ৮ বগির মধ্যে রয়েছে ইঞ্জিন ও পাওয়ার কার। তুমুল উদ্বেগের সৃষ্টি করে এই রেল দুর্ঘটনা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী ট্রেন। পৌঁছেছে উচ্চপদস্থ কর্তারাও।

এই দুর্ঘটনার কারণে রেলের তরফে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। সেই হেল্পলাইন নম্বরগুলি হল- ৩৬৭৪ ২৬৩১২০ ও ০৩৬৪৭ ২৬৩১২৬। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে রেলের তরফে জানানো হয়েছে, দ্রুত এই ঘটনার তদন্ত করে দেখা হবে। তবে একটাই স্বস্তির খবর যে এই রেল দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

প্রসঙ্গত, বিগত কয়েকমাসে একের পর এক ট্রেন দুর্ঘটনার জেরে যাত্রীরা আতঙ্কিত। ট্রেনে যাত্রা করার কথা উঠলেই যেন এমন সব দুর্ঘটনার কথা মনে পড়ে যায়। করমণ্ডল এক্সপ্রেস থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, এমন নানান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা একাধিক। দুর্ঘটনা ঠেকাতে রেলের তরফে নানান পদক্ষেপ নেওয়া হলেও দুর্ঘটনা যেন রোধ করাই যাচ্ছে না।  

আরও পড়ুনঃ শীঘ্রই মেয়াদ শেষ হচ্ছে চন্দ্রচূড়ের, সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি কে হতে চলেছেন, নাম সুপারিশ ডি ওয়াই চন্দ্রচূড়ের

কিছুদিন আগেই দুর্ঘটনা কবলে পড়ে দ্বারভাঙ্গা এক্সপ্রেস ও একটি মালগাড়ি। ঘটনাটি ঘটে গত ১০ অক্টোবর তামিলনাড়ুর গুম্মুদিপুন্ডির কাছে কাভারাপেট্টাইতে। দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পিছনে গিয়ে ধাক্কা মারে দ্বারভাঙ্গা এক্সপ্রেস। একটি ট্রেন দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ওই লাইনে কীভাবে এক্সপ্রেস ট্রেন লাইনে ঢুকে পড়ল, এই নিয়ে ওঠে প্রশ্ন। সেই ঘটনার কিছুদিন না কাটতেই ফের এই ট্রেন দুর্ঘটনা।

RELATED Articles