আর জি কর ঘটনার আবহেই কৃষ্ণনগরের তরুণীর খুনের ঘটনায় ফের নতুন করে উত্তাল হয়েছে রাজ্যের পরিস্থিতি। আরও একবার নারীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনায় এবার ফাঁস হল এক চাঞ্চল্যকর তথ্য। কৃষ্ণনগরের ঘটনায় যে যুবককে গ্রেফতার করা হয়েছে, সেই যুবক আর জি কর কাণ্ডের আন্দোলনের ঘটনায় অন্যতম প্রতিবাদী মুখ।
সেই ধৃতের পরিচয় ফাঁস করল তৃণমূল। আজ, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস দাবী করেন, কৃষ্ণনগরের ঘটনায় রাহুল বসু নামের যে যুবককে গ্রেফতার করা হয়েছে, সেই যুবক আর জি কর কাণ্ডের প্রতিবাদী এক মুখ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “গত এক মাস ধরে এই রাহুল বসুই কৃষ্ণনগরে আর জি কর আন্দোলনের অন্যতম প্রধানমুখ ছিল। প্রতিটি রাত দখলের প্রোগ্রামে উপস্থিত থাকতো এই অভিযুক্ত। শুধু তাই নয়, লাগাতার সে মুখ্যমন্ত্রীর পদত্যাগ/ মৃত্যু কামনা করেছে, মুখ্যমন্ত্রীর ছবি পোড়ানোর ভিডিও শেয়ার করেছে ও কুরুচিকর মন্তব্য করেছে”।
তিনি আরও লেখেন, “হয়ত যেই মেয়েটি খুন হলো (তার প্রেমিকা) তার সাথে হয়তো এই আন্দোলনের মিছিলেও হেঁটেছে। হয়তো মিছিলের অছিলায় তার সাথে ঘনিষ্ঠতা”।
নীলাঞ্জনের দাবী, “রাহুল একা নয়, রাহুলের মত হাজার হাজার ধর্ষক উই ওয়ান্ট জাস্টিস দাবিতে চিৎকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে ঘুরে বেড়াচ্ছে সব প্রতিবাদ মিছিলে, প্রতিবাদীর মুখোশের আড়ালে”। এই বিষয়টি সামনে আসতেই তা নিয়ে জোর শোরগোল পড়েছে।
বলে রাখি, গতকাল, বুধবার কৃষ্ণনগরে একটি পুজো মণ্ডপের কাছে উদ্ধার হয় এক তরুণী অর্ধদগ্ধ ও অর্ধনগ্ন দেহ। তরুণীর পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ ওঠে তরুণী হবু বরের বিরুদ্ধে। তরুণী পরিবারের তরফে জানানো হয়, আগের দিন রাতে ওই যুবকের সঙ্গে বেরিয়েছিলেন তরুণী। তারপর আর বাড়ি ফেরেন নি তিনি। এই ঘটনায় ওই যুবককে গ্রেফতার করলে সমস্ত অভিযোগ অস্বীকার করে সে। ওই যুবককে আজ আদালতে তোলা হলে তাকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।





